রহস্যময় ‘টেকা তোলা’ বটগাছ, ডাল কাটতেও ভয় পান স্থানীয়রা

জয়পুরহাট প্রতিনিধি:

সারাদেশ

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের হাতিগাড়া মাঠে দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছরের পুরোনো এক বিশাল বটগাছ। স্থানীয়দের কাছে

2026-11-15T13:47:10+06:00
2026-11-15T13:47:10+06:00
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

রহস্যময় ‘টেকা তোলা’ বটগাছ, ডাল কাটতেও ভয় পান স্থানীয়রা
জয়পুরহাট প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৪৭ পিএম   (ভিজিট : ০)

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের হাতিগাড়া মাঠে দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছরের পুরোনো এক বিশাল বটগাছ। স্থানীয়দের কাছে গাছটি ‘টেকা তোলা গাছ’ নামে পরিচিত। দীর্ঘদিনের ইতিহাস, নানা লোককথা ও রহস্যময় কিছু ঘটনাকে ঘিরে গাছটি এখন এলাকাবাসীর কাছে বিশেষ কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। গাছটির ডালপালা এতটাই বিস্তৃত যে অনেক ডাল প্রায় মাটি ছুঁই ছুঁই করছে। তবে নানা লোককথা ও প্রচলিত বিশ্বাসের কারণে এসব ডাল কাটতেও সাহস পান না স্থানীয়রা।

বিস্তীর্ণ মাঠে কৃষিকাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লে কৃষক-কৃষাণিরা এই বটগাছের ছায়ায় বসে কিছুক্ষণ বিশ্রাম নেন। বিশাল আকৃতি ও বিস্তৃত ডালপালার কারণে গাছটি যেমন প্রাকৃতিক ছায়া দিচ্ছে, তেমনি মাঠের সৌন্দর্যও বাড়িয়ে তুলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াজেদ আলী প্রধানের জায়গায় অবস্থিত এই বটগাছটি প্রায় দুই শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে। প্রায় ২০ বছর আগে গোবিন্দপুর এলাকার এক ব্যক্তি গাছটির একটি ডাল কেটেছিলেন। এরপর হঠাৎ অগ্নিকাণ্ডে তাঁর দুই ছেলে দগ্ধ হয়ে মারা যান বলে স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে। সেই ঘটনার পর থেকেই গাছটির কোনো ডাল কাটতে চান না কেউ।

এলাকাবাসীর দাবি, প্রায় ১০ বছর আগে জমির মালিক গাছটি বিক্রির জন্য বায়নানামা করেছিলেন। এর কিছুদিন পর তাঁর স্ত্রী পক্ষাঘাতে আক্রান্ত হন। বর্তমানে তিনি শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করছেন। এসব ঘটনার সঙ্গে বটগাছটির কোনো সম্পর্ক রয়েছে—এমন কোনো প্রমাণ নেই। তবে ঘটনাগুলোকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল, বিশ্বাস ও লোককথা প্রচলিত রয়েছে।

সময়ের পরিক্রমায় বটগাছটি এখন শুধু একটি বৃক্ষ নয়, বরং এলাকার ইতিহাস, ঐতিহ্য ও লোককথার অংশ হয়ে উঠেছে। বিশাল ডালপালা মাটির কাছাকাছি নেমে এলেও স্থানীয়দের অনীহার কারণে সেগুলো ছাঁটাই করা হচ্ছে না।

প্রায় ২০০ বছরের পুরোনো এই বটগাছটি যথাযথভাবে সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি হয়ে উঠতে পারে একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। তাই গাছটির প্রকৃত বয়স ও ঐতিহাসিক গুরুত্ব যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।


ডেল্টা টাইমস/মো. মাসুম রেজা/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ