গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৩০ এএম (ভিজিট : ৯)

সাউন্ড ছুঁড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ
গাজীপুরের মৌচাকে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ি, সফিপুরে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে আসছেন। এরই ধারাবাহিকতায় রোববার সকালে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন বহু মানুষ।
রোববার সকাল ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসে শ্রমিকরা কাজে যোগদানে আসেন। পরে তারা কাজে যোগদান না করে পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের মহাসড়ক ছেড়ে যেতে অনুরোধ করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে মারমুখী হয়ে উঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে পৌনে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাকে মহাসড়ক অবরোধ ছিল। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই