শিশু দিবাযত্ন কেন্দ্র আইন যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

কর্মজীবী মায়েদের সন্তানদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ যুগোপযোগী করে প্রয়োজনীয় সংশোধন

2026-11-14T14:50:24+06:00
2026-11-14T14:50:24+06:00
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৫০ পিএম   (ভিজিট : ১০)

কর্মজীবী মায়েদের সন্তানদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ যুগোপযোগী করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, জনগণের কল্যাণে যা প্রয়োজন, সরকার তা করতে চায়। একই সঙ্গে নারীদের উচ্চশিক্ষা গ্রহণের পথে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতেও সরকার কাজ করছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষার সুযোগ দেওয়ার অঙ্গীকার করেছেন। পাশাপাশি কর্মজীবী মায়েরা যাতে নিশ্চিন্তে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বাড়ানো হচ্ছে। আগামী বছরের মধ্যে দেশের চাইল্ড কেয়ার ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রের দায়িত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা রাষ্ট্রের অন্যতম প্রধান কাজ। জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা দেবে। তবে এসব উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত শিশু দিবাযত্ন কেন্দ্রের অভাব বাংলাদেশের নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের অন্যতম বড় বাধা। তাঁদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শহরের প্রতি ১০ জন নারীর মধ্যে চারজনই শিশু দিবাযত্নের সুবিধা না থাকায় কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত মানসম্মত ডে-কেয়ার কেন্দ্রের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে মন্ত্রী অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং অতিথিদের নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু দিবাযত্নবিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ