তরুণ প্রজন্ম নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না: শফিকুর রহমান

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদ তাড়ানো তরুণ প্রজন্ম নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ

2026-11-14T14:16:47+06:00
2026-11-14T14:16:47+06:00
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

তরুণ প্রজন্ম নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না: শফিকুর রহমান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:১৬ পিএম   (ভিজিট : ৬)

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদ তাড়ানো তরুণ প্রজন্ম নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে। তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা বেঁচে থাকতে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আমরা কোনো আপস করব না।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এই জাতি বারবার অপশক্তির দ্বারা নির্যাতিত হয়েছে। কিন্তু প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ এটি ঘটেছে ২০২৪ সালের ৫ আগস্ট।

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে নতুন একটি ক্যালেন্ডার তৈরি করে ৩৬ জুলাই বলা হয়েছে। আর কোনো দেশে ৩২, ৩৩, ৩৪, ৩৫ কিংবা ৩৬ তারিখ নেই। এটি শুধু বাংলাদেশে হয়েছে। ১ হাজার ৪০০ যুবক-যুবতীর রক্ত ও জীবনের বিনিময়ে আমরা জুলাই পেয়েছি। এই জুলাই বিশাল আকাঙ্ক্ষা নিয়ে জাতির সামনে এসেছিল। অতীতের পাহাড়সম অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, লুণ্ঠন ও ফ্যাসিবাদের অবসানের দাবি নিয়ে তরুণেরা রাস্তায় নেমেছিল।

জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা তুলে ধরে জামায়াতের আমির বলেন, যারা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিল, তাদের সবাই সরকারি চাকরি পাওয়ার জন্য আসেনি। সর্বোচ্চ সরকারি চাকরিজীবীর সংখ্যা ২১ লাখ। অথচ ওই সময় আন্দোলনে ছিল চার কোটি তরুণ-যুবক। সবাই কি তাহলে চাকরি পেত? এমনকি অনেক যুবকের লেখাপড়াও শেষ হয়নি, সরকারি চাকরি পাওয়ার বয়সও অতিক্রম হয়ে গেছে। তাদের জিজ্ঞেস করা হয়েছে, তারা কেন আন্দোলনে এসেছেন। তারা বলেছেন, ‘আমি কোটা সংস্কার আন্দোলনে আসিনি, আমি এসেছি রাষ্ট্র সংস্কার আন্দোলনে। আমি পুরো রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন চাই।’

তিনি বলেন, সেই আন্দোলনের অন্যতম স্লোগান ছিল জাস্টিস। আমরা সব ক্ষেত্রে ন্যায়বিচার চাই। এটি বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবার অধিকার, চাকরির অধিকার ও ব্যবসার অধিকার। মানুষের যত ধরনের মৌলিক অধিকার আছে, সব ক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র নাগরিকদের সঙ্গে আচরণ করবে, এটি আমরা নিশ্চিত করতে চাই।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারি দল ও বিরোধী দলসহ আমরা সবাই সেই আন্দোলনে ছিলাম। সবাই তখন বলেছিলাম, আমরাও তা চাই। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার ও এগিয়ে যাওয়ার পরিকল্পনা জাতির সামনে পেশ করেছি। বর্তমান সরকারি দলও এর আগে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। তারাও নির্বাচনী ইশতেহারে এসব বিষয় বলেছে।

তিনি বলেন, জন-আকাঙ্ক্ষা ও বিপ্লবীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে ২০২৪ সালের ৫ আগস্টের রক্তের প্রতি সম্মান দেখিয়ে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল। সেখানে মাসের পর মাস ৩৩টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। কোনো মৌলিক বা বড় দল বাদ পড়েনি। সেখান থেকে জুলাই সনদ রচিত হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি সরকার গঠনের জন্য, আরেকটি রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের জন্য। বর্তমান সরকারি দল একটি মেনেছে, আরেকটি মানেনি। সংকট তারাই তৈরি করেছে।

জামায়াতের আমির বলেন, জাতির সামনে স্পষ্ট ওয়াদা দিয়ে তারা তা লঙ্ঘন করেছে, প্রতারণা করেছে। আমরা বারবার বলে আসছি, এই প্রতারণা আমরা মানব না, জাতিও মানবে না। আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের পূরণ করতেই হবে। আমরা মহান আল্লাহর ওপর ভরসা করে বলেছি, ইনশাআল্লাহ জনগণের এই দাবি আদায় করেই ছাড়ব। এই দাবি কখনো পরিত্যক্ত হতে বা হারিয়ে যেতে দেবো না।

তিনি আরও বলেন, এই দাবিকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের কথা বারবার বলা হচ্ছে। সংবিধান সংশোধনের পক্ষে গণভোট হয়নি। ৭০ ভাগ মানুষ যে রায় দিয়েছেন, তা অগ্রাহ্য করা যায় না। আপনারা যদি গণতান্ত্রিক দল হয়ে থাকেন এবং গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় অগ্রাহ্য করতে পারেন না। কার্যত অগ্রাহ্য করার মধ্য দিয়ে জনগণকে অপমান করছেন এবং নির্বাচনী ব্যবস্থার ওপর কুঠারাঘাত করছেন। মানুষের আস্থার ভিত ধ্বংস করছেন।

ফ্যাসিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের ব্যাপার নয়। এটি একটি ভাইরাস। যাকে পায়, তাকেই ধরে। এর কিছু লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে, তাকেই ফ্যাসিবাদী বলতে হবে। আমরা এই সরকারকে এখনই ফ্যাসিবাদী সরকার বলতে চাচ্ছি না। তবে ওই ভাইরাসের প্রচুর লক্ষণ এই সরকারের মধ্যে ফুটে উঠেছে।

তিনি বলেন, অতীতে রেখে যাওয়া সমাজব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। বরং সামাজিক অনেক বিষয়ে আরও অবনতি হয়েছে। এসবের বিরুদ্ধে আমরা সাত দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। দেশের জনগণের ভালোবাসা ও সমর্থনে আমরা অভিভূত। বিভাগীয় পর্যায়ে সমাবেশ হয়েছে, ধারাবাহিকভাবে তিনটি লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া ও সমর্থন লক্ষ্য করেছি।

দেশে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের আমির বলেন, এখানে যারা এসেছেন, তারা ভাগ্যবান। আমি বিশ্বাস করি, এখানে সিগারেট টানা একজন মানুষও নেই। মাদক তো বহু দূরের ব্যাপার। কিন্তু আপনাদের মতোই যুবকেরা শুধু মাদক সেবন করছে না, এখন মাদকের গুদামঘর হয়ে বসে আছে। আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ছোবল আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে?

তিনি বলেন, আজ স্কুলগুলোতে মাদক বিক্রি হয়। একজন শিক্ষক ছাত্রদের বলছেন, ‘বাবা, তোরা যা করিস, এই শ্রেণিকক্ষে বসে মাদক সেবন করবি না। অর্থাৎ বাইরের মাঠে করলে অসুবিধা নেই।’ কোথায় গিয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি? কার সন্তান কখন এই বিপদে হারিয়ে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। এভাবে একটি দেশ ও জাতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যুবসমাজ, তরুণসমাজ ও কিশোরসমাজের গায়ে হাত দেওয়া হয়েছে।

কিশোর গ্যাংয়ের বিস্তার প্রসঙ্গে তিনি বলেন, এই দেশে একসময় কিশোর গ্যাং বলে কোনো শব্দই কেউ জানত না। এখন এর উৎপাদন শুধু শহর এলাকায় নয়, গ্রামেও চলে গেছে। সমাজের জন্য এটি ভয়ঙ্কর। এসব কিশোরকে পুরোপুরি দোষ দিতে পারি না। সমাজব্যবস্থা ও সরকারগুলো নিজেদের ব্যক্তি, দল ও গোষ্ঠীস্বার্থে এসব অপকর্মকে লালন করেছে। মূল অপরাধী তারাই। নিজেদের ক্ষুদ্র স্বার্থে তারা বাংলাদেশকে তিলে তিলে ধ্বংস করছে।

তিনি আরও বলেন, চার দিন আগে সংসদে বলেছি, সরকারি দলের একজন প্রবীণ সদস্য একটি জনসভায় বলেছেন, আগে মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত ফ্যাসিস্ট দলের নেতারা। আর এখন নিয়ন্ত্রণ করেন আমার দলের নেতারা। অকপটে স্বীকার করার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে দখল করা হচ্ছে। জোর করে সেখানে প্রিন্সিপাল ও প্রধান শিক্ষক বসানো হচ্ছে। যাদের অনেকেরই এসব দায়িত্ব পালনের ন্যূনতম যোগ্যতা নেই। একটাই যোগ্যতা, তারা দলের নেতাকে তেল দিতে পারেন। তাদের হাতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে উঠবে, এরা আগামীর বাংলাদেশ গড়ে দেবে, এটা কল্পনা করারও অবকাশ নেই।

তিনি বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার বিভিন্ন ম্যানেজিং ও গভর্নিং কমিটি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখানে যোগ্য ও অসহায় শিক্ষকদের কোণঠাসা করা হচ্ছে। দলবাজ ও মেধাহীন শিক্ষকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। একদিকে মাদক, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারি। এই দুইয়ে আমাদের শিক্ষা ও শিক্ষাব্যবস্থার অবস্থা তৈরি হয়েছে।

সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের সর্বস্তরে অসৎ নেতৃত্ব সরিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলে সামাজিক সুবিচার কায়েম করা সম্ভব হবে না। এ ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচন আসছে। এই নির্বাচনে আর কোনো ভোটের ডাকাত, ষড়যন্ত্রকারী বা ইঞ্জিনিয়ারকে আমরা সাহায্য দেবো না। এখন থেকে শক্ত হন, দৃষ্টি মজবুত করেন এবং জনগণকে সংগঠিত করেন। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রমের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই বিভাগের কাজের সফলতা তখনই আসবে, যখন ধ্বংসের মুখোমুখি দাঁড়ানো যুবসমাজকে রক্ষার জন্য দৃশ্যমান কার্যক্রম গ্রহণ করা হবে। যারা বিপথগামী হয়েছে, তাদের বুকে টেনে নিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। বিপথগামীদের সুপথে আনতে পারলেই এই বিভাগ গঠন ও এর কার্যক্রম সার্থক হবে।

তিনি বলেন, শুধু জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট লোকদের দেখভাল করলে হবে না। নিজেদের চরিত্র ও চিন্তার পাহারাদারি করার পাশাপাশি সমাজকে ধারণ করতে হবে। সমাজের যুবসমাজকেও কল্যাণের পথে, ন্যায়ের পথে ও আল্লাহর দ্বীনের পথে যুক্ত করতে হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, আমাদের এই যৌবন আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের দেশের যুবকদের এ দেশের কল্যাণে, দেশপ্রেমী ও ঈমানি চেতনায় উজ্জীবিত একটি শক্তিশালী জাতীয় রাষ্ট্র গঠনের তৌফিক দান করুন।

ডিসেম্বর মাসের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ডিসেম্বর মাসজুড়ে আমাদের অনেকগুলো কর্মসূচি থাকবে। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব।

তিনি বলেন, আমাদের কোনো নেতৃত্ব নেই যারা পালিয়ে গেছেন, তাদের পাপের মাত্রা এত বেশি যে তারা বুঝেছেন, এই সমাজে তাদের এক সেকেন্ডও থাকার প্রয়োজন নেই। পালিয়ে গিয়েও জাতিকে কষ্ট দিচ্ছেন। মনে রাখবেন, এই জাতি সহজে জাগে না। কিন্তু জেগে উঠলে ছাড়ে না।

জামায়াতে ইসলামী সহকারী জেনারেল সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।  


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ