চট্টগ্রামের অফডকে ট্রাকচালকদের সুযোগ-সুবিধার অভাব, মালিক-শ্রমিকদের ক্ষোভ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিয়ে চট্টগ্রামের বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) আসা ট্রাকচালকদের জন্য পর্যাপ্ত পার্কিং, বিশ্রামাগার,

2026-11-11T11:26:44+06:00
2026-11-11T11:26:44+06:00
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামের অফডকে ট্রাকচালকদের সুযোগ-সুবিধার অভাব, মালিক-শ্রমিকদের ক্ষোভ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ০)

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিয়ে চট্টগ্রামের বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) আসা ট্রাকচালকদের জন্য পর্যাপ্ত পার্কিং, বিশ্রামাগার, শৌচাগার ও জরুরি প্রাথমিক চিকিৎসার সুযোগ-সুবিধা না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘ সময় অবস্থান করেও এসব ন্যূনতম সুবিধা না পাওয়ার অভিযোগে চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ ডিপোগুলোতে চালকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।

সমস্যার বিষয়টি উল্লেখ করে সম্প্রতি বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সভাপতির কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে সংগঠনটি। লিখিত অভিযোগে বলা হয়, ডিপোগুলোর ভেতরে পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা না থাকায় চালকদের বাধ্য হয়ে ডিপোর বাইরে বা সংলগ্ন প্রধান সড়কে অপেক্ষা করতে হয়। ঘণ্টার পর ঘণ্টা ও দীর্ঘ সময় অবস্থান করলেও তাদের জন্য নেই কোনো বিশ্রাম, গোসল বা প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা। এর পাশাপাশি নিয়মবহির্ভূত পার্কিং চার্জ, অতিরিক্ত লোডিং বিল এবং বকশিশের নামে শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হচ্ছে, যা পরিবহন মালিক ও শ্রমিক উভয়ের ভোগান্তি বাড়িয়ে তুলছে।

এ বিষয়ে চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ আরিফুর রহমান জানান, ডিপোগুলোতে পরিবহন শ্রমিকেরা যাতে সব প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান এবং অতিরিক্ত বা অবৈধ কোনো লেনদেনের শিকার না হন, সে বিষয়ে বিকডা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে নীতিমালার বাইরে অতিরিক্ত কিছু চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পার্কিংয়ের পাশাপাশি গোসল ও ঘুমানোর সুবিধা দিতে হবে—এটা দাবি করা আসলে কিছুটা অযৌক্তিক।’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২১ সালের ‘বেসরকারি আইসিডি/সিএফএস বা অফডক স্থাপন ও পরিচালনা নীতিমালা’র ৫(খ)(৩)-এর (ঘ) ও (ঙ) উপ-অনুচ্ছেদ অনুযায়ী, ডিপো প্রাঙ্গণে যানবাহনের অবাধ চলাচল, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা এবং সংলগ্ন সড়কে যানজট প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক। যদিও নীতিমালায় চালকদের বিশ্রামাগার, গোসল, ঘুমানো কিংবা প্রাথমিক চিকিৎসার বিষয়ে স্পষ্ট নির্দেশনার উল্লেখ নেই, তবুও বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহন ব্যবস্থা সচল রাখতে চালকদের জন্য অন্তত নিরাপদ পার্কিং, বিশ্রাম ও জরুরি চিকিৎসার ব্যবস্থা থাকা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ডিপোগুলোতে এসব ন্যূনতম সুবিধা নিশ্চিত করা হলে দীর্ঘ সময় ধরে সেবা দেওয়া শ্রমিকদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

অন্যদিকে, বিকডার সচিব মোহাম্মদ রুহুল আমিন সার্ভিস চার্জ আদায়ের বিষয়টি যুক্তিযুক্ত দাবি করে বলেন, নিজস্ব টাকা দিয়ে কেনা বা ভাড়া নেওয়া জমিতে ডিপো কর্তৃপক্ষ পার্কিং সুবিধা দিচ্ছে, তাই পার্কিং ভাড়া বা সার্ভিস চার্জ নেওয়াটা স্বাভাবিক। আর বকশিশ বা অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে ডিপো কর্তৃপক্ষের সরাসরি কোনো দায় বা সম্পৃক্ততা নেই; অনেক সময় ট্রাকে নির্ধারিত সীমার চেয়ে বেশি পণ্য (ওভারলোড) বহনের কারণে চালক ও শ্রমিকদের নিজেদের মধ্যে এমন লেনদেন হতে পারে। তবে ডিপো এলাকায় কেউ যাতে জোরপূর্বক কোনো টাকা আদায় করতে না পারে, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ