প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম (ভিজিট : ০)

ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের জন্য নিরাপদ, হয়রানিমুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বাজার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও বাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা। রাজধানীর কারওয়ান বাজারে নারী ব্যবসায়ীদের উচ্ছেদ না করে বাজারের খালি জায়গায় পুনর্বাসন এবং টোকেনের মাধ্যমে নির্দিষ্ট স্থান বরাদ্দের দাবিও জানিয়েছেন তাঁরা। বক্তারা বলেন, নিরাপদ কর্মপরিবেশ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করা গেলে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের তৌফিক আজিজ খান সম্মেলন কক্ষে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস) আয়োজিত অ্যাডভোকেসি সভায় এসব দাবি ও আহ্বান জানানো হয়। 'বাধা অতিক্রম: বাজারে ব্যবসায়রত নারীদের নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়ন' শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিডব্লিউসিএসের সভাপতি অধ্যাপক ড. ইশরাত শামীম।
ইশরাত শামীম বলেন, কারওয়ান বাজারের ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের নেতৃত্বের বিকাশ, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মপরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নারী ব্যবসায়ীদের ৩০ জন সন্তান যেন পড়াশোনার সুযোগ পায়, সে জন্য 'শিশুদের পাঠশালা' চালু করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া নারী ব্যবসায়ীদের ব্যবসার সরঞ্জাম, আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিয়মিত তদারকিও করা হচ্ছে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডব্লিউসিএসের প্রকল্প সমন্বয়কারী খাদিজা বেগম। তিনি জানান, কারওয়ান বাজারের নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর পরিচালিত জরিপে তাঁদের ব্যবসা ও ব্যক্তিজীবনের নানা চ্যালেঞ্জ উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া নারীদের ৫৫ দশমিক ৭ শতাংশ বিবাহিত, ৩১ দশমিক ৪ শতাংশ বিধবা এবং ১১ দশমিক ৪ শতাংশ স্বামী থেকে আলাদা থাকেন। ব্যবসা পরিচালনায় তাঁদের মূলধনের সংকট, নিরাপত্তাহীনতা, চুরি ও হয়রানির মতো সমস্যার মুখোমুখি হতে হয়। নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য তাঁদের সহযোগিতা প্রয়োজন বলে মত দেন খাদিজা বেগম।
সভায় নারী ব্যবসায়ীরা ফুটপাত ও বাজার থেকে উচ্ছেদ না করে টোকেনের মাধ্যমে তাঁদের নির্দিষ্ট জায়গা বরাদ্দের দাবি জানান। সবজি বিক্রেতা রুমা খান ও লাবণী আক্তার বলেন, নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হলে ছোট ব্যবসায়ীরা ব্যবসার পরিধি বাড়াতে পারবেন।
জবাবে কারওয়ান বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদার বলেন, নারী ব্যবসায়ীরা এখন একটি শৃঙ্খলার মধ্যে এসেছেন। রাস্তা থেকে তাঁদের উচ্ছেদ করা হলে সিটি করপোরেশন ও বাজার ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে বাজারের খালি জায়গায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া যেতে পারে। তিনি আরও বলেন, নারীদের পিছিয়ে রেখে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়।
ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিডব্লিউসিসিআই) প্রকল্প সমন্বয়কারী মো. নাসির উদ্দিন বলেন, প্রান্তিক পর্যায়ের নারী ব্যবসায়ীদের মূলধারায় যুক্ত করে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতায় যৌথভাবে কাজ করার আশ্বাসও দেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন ডিডব্লিউসিসিআইয়ের অর্থ ব্যবস্থাপক জুলকার নাইন, কারওয়ান বাজার ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন খান, সিডব্লিউসিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক নুসরাত সুলতানা, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন ও রীতা ভৌমিক এবং ব্যবসায়ী মো. নুরুজ্জামান, মনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন ও আনোয়ার হোসেন।