প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম (ভিজিট : ৫)

কারিগরি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘ক্যারিয়ার মিটআপ ফুলবাড়ীয়া-২০২৬’। ৬ নভেম্বর উপজেলার পল্লী ভবনে আয়োজিত সেমিনারে শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও সদ্য গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান মিলন। তিনি তার বক্তব্যে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘কারিগরি শিক্ষাই আমাদের জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি। তরুণদের বাস্তবমুখী দক্ষতায় গড়ে তোলার মাধ্যমেই আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি স্থাপন করছি।’
সেমিনারে কী নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিডিজবসের হেড অব প্রোগ্রামস মোহাম্মদ আলী ফিরোজ। তিনি বর্তমান চাকরির বাজারের চ্যালেঞ্জ ও প্রস্তুতি বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে বলেন, ‘কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখন শুধু সনদের দিকে তাকিয়ে নেই; তারা খুঁজছে ব্যবহারিক দক্ষতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং পজিটিভ মানসিকতা। নিজের কারিগরি দক্ষতাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারাটাও বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।’
অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার (এইচআর) জুবায়ের হোসেন। তিনি কর্পোরেট রিক্রুটমেন্টের প্রত্যাশা এবং ম্যানুফ্যাকচারিং খাতে কারিগরি গ্র্যাজুয়েটদের বিপুল চাহিদার কথা তুলে ধরেন। এ ছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিল্প প্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন ন্যাশনাল টিউবসের ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) আমিনুর রহমান রাসেল।
আয়োজনের সফলতা প্রসঙ্গে ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মো. তৌহিদুজ্জামান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ইন্ডাস্ট্রি-উপযোগী করে গড়ে তোলা। আজ শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সঠিক প্ল্যাটফর্ম পেলে আমাদের তরুণেরা সামনের দিকে এগিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত।’
ইভেন্টের শেষ পর্যায়ে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব এবং নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুন্দর ও গোছানো এই আয়োজনে টি-শার্ট স্পন্সর হিসেবে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম; গিফট পার্টনার হিসেবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, আলফা স্কুল অ্যান্ড কলেজ ও এ টু জেড বেস্ট ইলেক্ট্রনিক্স এবং রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে প্রাণ সহযোগিতা করে।
আয়োজকরা জানান, আগামী দিনেও কারিগরি শিক্ষার্থীদের জন্য এ ধরনের ক্যারিয়ার সহায়ক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখা হবে।
ডেল্টা টাইমস/সিআর/এমই