প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:০৭ এএম (ভিজিট : ১১)

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরে নানা চ্যালেঞ্জ বাড়ছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোসেইন তাইয়েব। তার দাবি, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি নিজেদের মতো করে সাজানোর যে চেষ্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চালিয়ে আসছে, তা উল্টো তাদের জন্য সংকট তৈরি করেছে।
তেহরানে ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তাইয়েব বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা করেছিল।
ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে তিনি বলেন, আজ আমরা বলছি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে পরিবর্তন শুরু হয়েছে। শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব দেখা যাবে।
তাইয়েবের মতে, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার ওয়াশিংটনের উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভেতরেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তিনি যুদ্ধ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের বিক্ষোভের কথা উল্লেখ করেন। তার দাবি, এসব প্রতিবাদ মার্কিন নীতির বিরুদ্ধে মানুষের ক্রমবর্ধমান বিরোধিতার প্রতিফলন।
তাইয়েব আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের মানুষ ক্রমেই যুদ্ধের প্রতি আগ্রহ হারাচ্ছে এবং বিদেশে সামরিক অভিযানে ওয়াশিংটনের বিপুল ব্যয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছে। - সূত্র: আল-জজিরা
ডেল্টা টাইমস/সিআর/এমই