মিরপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন, পল্লবীতে সরিয়ে দেওয়া হচ্ছে শ্রমিকদের

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর এলাকায় আজও অতিরিক্ত পুলিশ

2026-11-04T11:10:08+06:00
2026-11-04T11:10:08+06:00
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মিরপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন, পল্লবীতে সরিয়ে দেওয়া হচ্ছে শ্রমিকদের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:১০ এএম   (ভিজিট : ০)
মিরপুরে গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা/ ফাইল ছবি

মিরপুরে গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা/ ফাইল ছবি

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর এলাকায় আজও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে, পল্লবীতে বিভিন্ন পোশাক কারখানার সামনে জড়ো হওয়া শ্রমিকদের সরিয়ে দিচ্ছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, মিরপুরে শ্রমিকদের আন্দোলন নিয়ে কোনো সমস্যা নেই। মিরপুর মডেল থানাধীন এলাকার আটটি কারখানায় পোশাক শ্রমিকরা কাজ বন্ধ রেখেছিল। ডিসি স্যার তাদের বোঝানোর পর আজ সকাল থেকে তারা কাজ শুরু করেছেন।

গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে মিরপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

এদিন সকালে মিরপুরের পূরবী সিনেমা হলের গলিতে অবস্থিত কয়েকটি পোশাক কারখানার সামনে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়। পরে সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এসময় শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত রোববার (১ নভেম্বর) মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। 

একইভাবে সোম ও মঙ্গলবারও মিরপুরে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। একই দাবিতে গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জেও শ্রমিকরা বিক্ষোভ করছেন। এসব আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত ও কারখানা বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে।  এরই মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে গত রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডের প্রথম সভা আজ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। 

এদিকে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় গাজীপুরে আহত তৈরি পোশাক শ্রমিক তৌফিক শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক মারা যান।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ