প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:২১ পিএম (ভিজিট : ০)

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ঘিরে মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সের সামনে ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে গতকাল (রোববার) শ্রমিক মজুরি বোর্ড গঠনের খবর গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলেছে পুলিশ। বোর্ড গঠনের খবর জানার পর শ্রমিকদের আন্দোলন বন্ধ হওয়ার কথা। আজ শ্রমিকরা কেউ আসেননি। এলাকার পরিবেশ-পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক।
মহিদুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনের নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি, রাস্তা অবরোধ, ভাঙচুর কিংবা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য পুলিশের ব্যাপক মোতায়েন রয়েছে। এলাকায় পুলিশ সদস্যদের পাশাপাশি টহল দলও দায়িত্ব পালন করছে।
ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আশপাশের কিছু পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং কোথাও কোনো ধরনের অবনতি ঘটেনি। জনগণের জানমালের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করছে।
গতকালের ভাঙচুর ও গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, মিরপুরের ১২ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযানে মিরপুর বিভাগ থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, আইন অমান্য করে যারা রাস্তা অবরোধ, গাড়ি বা কারখানায় ভাঙচুর এবং জনগণের জানমাল বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই