রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে

2026-11-02T14:33:03+06:00
2026-11-02T14:33:03+06:00
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম   (ভিজিট : ৭)

স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। এ জন্য তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সচেতনতা তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

সোমবার ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্তদান শুধু একজন মানুষের জীবনই বাঁচায় না, এটি একটি মহৎ মানবিক কাজ এবং পরকালের জন্য সদকায়ে জারিয়া। রক্তদানে শরীরের কোনো ক্ষতি হয় না— এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে জোরালো প্রচার চালাতে হবে।

তিনি বলেন, রক্তদানের কার্যক্রম শুধু সভা-সেমিনারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, একে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। এ জন্য স্কুল-কলেজসহ বিভিন্ন পর্যায়ে ব্যাপক সচেতনতা তৈরিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

স্বেচ্ছায় রক্তদানে সন্ধানীর ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ১৯৭৮ সালে মাত্র ছয়জন মেডিকেল শিক্ষার্থীর হাত ধরে যে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম শুরু হয়েছিল, তা আজ দেশের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ মানবিক উদ্যোগ দেশব্যাপী আরও বিস্তৃত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, মহাসচিব ডা. মো. জাহিদুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ অনেকে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ