প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম (ভিজিট : ০)

রাজধানীর সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা নগরের সাতটি রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, আমরা সবাই ভালো কাজের প্রত্যাশা করি। ঢাকা নগরীর বিশৃঙ্খলা, অসহনীয় যানজট এবং নগরবাসীর জীবন ও সম্পদের অনিরাপত্তার অবসান চাই।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা নগরে এখন প্রায় ৩ কোটি ৬৪ লাখ থেকে পৌনে ৪ কোটি মানুষ বাস করে। এত বিপুল জনগোষ্ঠীর এই নগরে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন খাতে আমূল পরিবর্তন আনা জরুরি।
তিনি আরও বলেন, ঢাকার সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রশাসনিক কর্তৃপক্ষের (বিআরটিএ, ডিটিসিএ, সিটি করপোরেশন ও বিআরটিসি) পাশাপাশি মাঠপর্যায়ে চারটি প্রধান শক্তির সমন্বয় প্রয়োজন। এই চার শক্তি হলো- শ্রমিক, মালিক, পুলিশ (বিশেষ করে ট্রাফিক বিভাগ) ও সাংবাদিক।
এই চার পক্ষের ঐকমত্য ও দায়িত্বশীল ভূমিকা থাকলে সড়ক পরিবহন খাতের উন্নয়ন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।
জাতীয় অর্থনীতি ও প্রবৃদ্ধিতে ঢাকা নগরের ট্রাফিক শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে শিমুল বিশ্বাস বলেন, সময় ও শ্রমঘণ্টা সাশ্রয় হলে দেশের জিডিপিতে বড় ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্যমুক্ত নিরাপদ এবং উন্নত বাংলাদেশ গঠনে ঢাকাকে একটি সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান সূত্রে জানা যায়, রাজধানীর সাতটি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে। এসব রুটে প্রাথমিকভাবে মোট ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পাঁচটি রুটে শুধু নন-এসি বাস এবং দুটি রুটে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চলাচল করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরবান ট্রান্সপোর্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।
ডেল্টা টাইমস/সিআর/এমই