সরকার গঠনে নেতানিয়াহুর সঙ্গ ছাড়তে প্রস্তুত ইউটিজে

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে কোনো জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নতুন সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে

2026-10-30T19:30:40+06:00
2026-10-30T19:30:40+06:00
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সরকার গঠনে নেতানিয়াহুর সঙ্গ ছাড়তে প্রস্তুত ইউটিজে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৭)
ইসরায়েলের নির্বাচনে এগিয়ে থাকা দুই প্রধানমন্ত্রী প্রার্থী বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। সংগৃহীত ছবি

ইসরায়েলের নির্বাচনে এগিয়ে থাকা দুই প্রধানমন্ত্রী প্রার্থী বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। সংগৃহীত ছবি

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে কোনো জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নতুন সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বে সংখ্যালঘু সরকার গঠনে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে অতি-রক্ষণশীল দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। তবে এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পরিকল্পনা নেই দলটির। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এমন সিদ্ধান্ত কার্যকর হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইউটিজের দীর্ঘদিনের রাজনৈতিক জোটের অবসান ঘটতে পারে। 

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের বাইরে থেকেই সরকারকে সমর্থন দেবে ইউটিজে। সরকারের বিরুদ্ধে কিংবা এর কোনো আইন প্রণয়নের বিপক্ষে ভোট না দিয়ে ভোটদানে বিরত থাকবে দলটি। এর মাধ্যমে জোটের বাইরে থেকেও সরকার টিকিয়ে রাখতে ভূমিকা রাখবে তারা।

চ্যানেল ১২-এর হিসাব অনুযায়ী, ইউটিজের সাতটি আসন বাদ দিলে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা হবে ৪৬। অন্যদিকে, আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের আসন থাকবে ৪৮টি। এ ছাড়া পার্লামেন্টে আটটি আসন পাওয়া আরব দল রাআমের সমর্থন পাওয়ার চেষ্টা করতে পারেন আইজেনকোট।


প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও ইয়েশিভা শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আইন পাস করাতে পারেননি নেতানিয়াহু। এ নিয়ে তার ওপর অসন্তুষ্ট ইউটিজে। সেই ক্ষোভ ও হতাশা থেকেই দলটি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কথা ভাবছে।

তবে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের উদ্যোগে লিকুদ পার্টিকে বাদ দিয়ে অংশ নিতে রাজি নন শাস পার্টির প্রধান আরিয়েহ দেরি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠনের প্রশ্নে দুই অতি-রক্ষণশীল দলের মধ্যে মৌলিক মতপার্থক্য রয়েছে। ইউটিজে বিরোধী জোটের নেতাদের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা তৈরি করলেও লিকুদকে ছাড়া কোনো সরকারে যোগ না দেওয়ার অবস্থানে অনড় শাস পার্টি।

সূত্রগুলোর দাবি, আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারে অংশ নিতে আগ্রহী নন শাসপ্রধান আরিয়েহ দেরি। ফলে ২৬তম নেসেট নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রচেষ্টায় অতি-রক্ষণশীল দলগুলোর অবস্থান ও জোটসঙ্গী নির্বাচনের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নির্বাচনের ফলাফলে কোনো পক্ষই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। এ কারণে সরকার গঠনের সমীকরণে ইউটিজে ও শাস পার্টির অবস্থান বিশেষ গুরুত্ব পাচ্ছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ