প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:০২ পিএম (ভিজিট : ১৩)

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ । ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল এবং কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই সব কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণের সময়সীমা শেষ হওয়ার সময় কোনো কেন্দ্রে ভোট দেওয়ার জন্য অপেক্ষমাণ ভোটার ছিলেন না। এর আগে দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ আসনে ভোট পড়ার হার ছিল ৪৮ শতাংশ।’
উপনির্বাচনে একজন প্রিজাইডিং কর্মকর্তার ছবি না থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বিষয়েও বক্তব্য দেন ইসি সচিব। তিনি জানান, বিষয়টি নজরে আসার পর যাচাই-বাছাই করা হয়েছে। কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে তথ্য মিলিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদেরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে, ভুয়া ভোটার সন্দেহে তিনজনকে আটকের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে আখতার আহমেদ বলেন, ‘তিনজনকে আটকের বিষয়টি সত্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের রাজনৈতিক পরিচয় বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে।’
ভোট গণনার অগ্রগতি সম্পর্কে ইসি সচিব বলেন, ‘কেন্দ্রগুলোতে স্বচ্ছতার সঙ্গে গণনা কার্যক্রম চলছে। সব কেন্দ্রের গণনা শেষ হওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।’