ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

ক্রসফায়ার নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। তাদের দাবি, বিচারবহির্ভূত

2026-10-26T20:17:07+06:00
2026-10-26T20:17:07+06:00
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ৪)

ক্রসফায়ার নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। তাদের দাবি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অর্থে আইজিপি 'ক্রসফায়ার' শব্দটি ব্যবহার করেননি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া আইজিপির বক্তব্য নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সমালোচনা হয়। সেই প্রেক্ষাপটে সন্ধ্যায় এ ব্যাখ্যা দেওয়া হয়।

ব্যাখ্যায় বলা হয়, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশের দৃঢ় অঙ্গীকারের কথা তিনি বলেছেন। আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে তিনি শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন; বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়।

পুলিশ সদর দপ্তর জানায়, অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের অপরাধী, সংঘবদ্ধ হামলাকারী ও আইন অমান্যকারীদের সরাসরি প্রতিরোধ ও আক্রমণের মুখে পড়তে হয়।

ব্যাখ্যায় আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের প্রথম ১০ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেপ্তার, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ ও সরকারি দায়িত্ব পালনের সময় পুলিশের ওপর ১৭৬টি হামলা হয়েছে। এসব হামলায় চার পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। এতে আরও বলা হয়, দণ্ডবিধি, ১৮৬০; ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট, ১৮৬১-সহ দেশের প্রচলিত আইনে পুলিশের আত্মরক্ষার অধিকারের কথা উল্লেখ আছে।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়েও ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। এতে বলা হয়, সাংবাদিকদের সম্পর্কে তিনি ঢালাও কোনো মন্তব্য করতে চাননি; বিষয়টি অসাবধানতাবশত ঘটেছে।

সদর দপ্তর জানায়, মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।








  এই ক্যাটেগরির আরো সংবাদ