প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ পিএম (ভিজিট : ৭)

সংগৃহীত ছবি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং প্রয়োজনীয় জনবলসংকট নিরসনে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান। এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন ও রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ তুলে ধরে সেগুলো নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণামুখী উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জাবিপ্রবিকে গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও রাষ্ট্রপতির সহযোগিতা চান উপাচার্য।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এ সময় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতায় জাবিপ্রবির অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইতিবাচক অগ্রগতি হবে।