সৌদি মিশনে তীব্র জনবল সংকট, শেখ হাসিনাকে ফেরানোর তাগিদ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে চরম জনবল সংকটের মধ্যেই ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে

2026-10-26T12:29:48+06:00
2026-10-26T12:29:48+06:00
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সংসদের স্থায়ী কমিটির বৈঠক
সৌদি মিশনে তীব্র জনবল সংকট, শেখ হাসিনাকে ফেরানোর তাগিদ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:২৯ পিএম   (ভিজিট : ৫)

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে চরম জনবল সংকটের মধ্যেই ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং ওসমান হাদী হত্যাকাণ্ডের আসামিদের প্রত্যাবাসনে জোর তাগিদ দিয়েছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে সৌদি মিশনে লোকবল বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিগত সরকারের অপপ্রচার মোকাবিলায় নতুন কূটনৈতিক কৌশল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে কক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি পর্যালোচনা ও নীতিগত আলোচনা করা হয়। বৈঠক থেকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এমপি।

সভার প্রথম আলোচ্যসূচি অনুযায়ী, পূর্ববর্তী দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা এবং সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংক্ষেপে কমিটিকে অবহিত করেন, পূর্বের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে মন্ত্রণালয় ইতোমধ্যে জোরালো ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে অবৈধভাবে বিদেশে গমন এবং মানবপাচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের অন্যান্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।

বৈঠকের অন্যতম প্রধান ও সংবেদনশীল বিষয় হিসেবে উঠে আসে ভারতে শেখ হাসিনার অবস্থান ও সংশ্লিষ্ট অপরাধীদের ফেরত আনার ইস্যুটি। কার্যবিবরণী অনুযায়ী, ভারতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার বেআইনি অবস্থান, তাকে দেশে প্রত্যাবর্তন এবং আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সে বিষয়ে সংগৃহীত তথ্য ও সর্বশেষ হালনাগাদ পরিস্থিতি কমিটিকে অবহিত করা হয়।

এ ছাড়া কমিটির সদস্যরা গত ১৫ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের বিষয়টিও পর্যালোচনা করেন, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগ মূল সমন্বয়কের দায়িত্ব পালন করেছিল। একই সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক গ্রুপের সদস্য পদে স্থায়ী কমিটির সভাপতির প্রার্থিতার সমর্থনে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্বিক নির্বাচনী প্রচারণামূলক সহযোগিতা দেওয়ার কথা নিশ্চিত করা হয়।

বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোর সার্বিক কার্যপরিধি এবং চরম জনবল সংকটের চিত্র ফুটে ওঠে। বর্তমানে সৌদি আরবে বাংলাদেশের মোট তিনটি মিশন পরিচালিত হচ্ছে, রিয়াদে অবস্থিত প্রধান বাংলাদেশ দূতাবাস, জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং একই স্থানে অবস্থিত ওআইসি-তে বাংলাদেশের স্থায়ী মিশন। রিয়াদ দূতাবাসের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক রক্ষাসহ সামগ্রিক পররাষ্ট্র কার্যক্রম পরিচালিত হয়। অথচ অতীব দুঃখজনকভাবে, দূতাবাসের কূটনৈতিক, শ্রম ও কল্যাণ, বাণিজ্যিক, প্রেস, ডিফেন্স, ইকোনমিক, এবং পাসপোর্ট ও ভিসাসহ বিপুল কর্মপরিধির বিভিন্ন উইংয়ে রাষ্ট্রদূতের অধীনে মাত্র ১৪ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, জেদ্দার কনস্যুলেট জেনারেল যেখানে বিপুল পরিমাণ কনস্যুলার সেবা, শ্রমিক কল্যাণ, বাণিজ্যিক তৎপরতা ও জটিল হজ ব্যবস্থাপনা সামলায়, সেখানে কাজ করছেন মাত্র ১১ জন কর্মকর্তা। তা ছাড়া ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনে স্থায়ী প্রতিনিধির সঙ্গে মাত্র ১ জন কর্মকর্তা যুক্ত আছেন।

সৌদি আরবে বাংলাদেশিদের বৈদেশিক কর্মসংস্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বৈঠকে উল্লেখ করা হয়, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক জোরদার করার পাশাপাশি বিদেশে কর্মী পাঠানোর ঐতিহাসিক সূচনা করেছিলেন। ১৯৭৬ সালে তার উদ্যোগেই মাত্র ২১৭ জন প্রবাসী কর্মী পাঠানোর মধ্য দিয়ে যে বিশাল আন্তর্জাতিক শ্রমবাজারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল, তা আজ এক বিশাল পরিধি লাভ করেছে। কিন্তু সেই বিশাল প্রবাসী জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ, অধিকার রক্ষা ও প্রয়োজনীয় কনস্যুলার সেবার তুলনায় বর্তমান জনবল অত্যন্ত অপ্রতুল। বিদ্যমান এই সীমিত জনবল নিয়ে বিশাল দায়িত্ব পালন করা মিশনগুলোর জন্য এখন বিশাল এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যেখানে বর্তমান সরকার শ্রমবাজারের পরিধি বাড়ানোর পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি এবং দেশে সৌদি বিনিয়োগ আকর্ষণ করতে নিরলস কাজ করে যাচ্ছে।

বৈঠকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের অপপ্রচার ও বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারণা বিশ্ব দরবারে মোকাবিলার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কৌশলী অবস্থান। এ বিষয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সরাসরি কমিটির সামনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রহণ করা আধুনিক কূটনৈতিক কৌশলসমূহ তুলে ধরেন। 

সভাপতির বিশেষ অনুমতি সাপেক্ষে বিবিধ বিষয়ে আলোচনার সুযোগ রাখা হয়, যেখানে উপস্থিত সদস্যরা অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় উত্থাপন করেন। সর্বশেষে কমিটির সভাপতি সর্বসম্মতভাবে নেওয়া সিদ্ধান্তসমূহ পুনরায় উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় গুরুত্বপূর্ণ সভার সফল সমাপ্তি ঘোষণা করেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ