সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ দুই রুটের সব ফ্লাইট বন্ধ থাকবে।
তবে সৌদি আরবে যাতায়াতের জন্য জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের সুযোগ থাকছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ সেবা আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। পাশাপাশি ঢাকা-মদিনা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল করছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচি যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।