প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:০৫ এএম (ভিজিট : ১৩)

ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ টানার সফল উদ্যোগের জন্য চারটি বিনিয়োগ প্রসার সংস্থা ও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে ২০২৬ সালের জাতিসংঘ বিনিয়োগ প্রসার পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল রোববার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত নবম বিশ্ব বিনিয়োগ ফোরামে এই পুরস্কার ঘোষণা করা হয়।
পুরস্কার পেয়েছে ক্যারিবিয়ান এক্সপোর্ট ডেভেলপমেন্ট এজেন্সি, ইথিওপিয়ান ইনভেস্টমেন্ট কমিশন, ইনভেস্ট কোরিয়া, ইনভেস্ট কাতার ও মরক্কোর ট্যাঙ্গার মেড জোনস। ৪০টি দেশ থেকে জমা পড়া ৪৮টি আবেদনের মধ্য থেকে এদের বাছাই করা হয়েছে। বিনিয়োগ প্রসারে উদ্ভাবনী পদ্ধতি, টেকসই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার সক্ষমতা এবং ডিজিটাল রূপান্তর ও টেকসই উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) তথ্য অনুযায়ী, ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সংযোগ বাড়ায়, উদ্ভাবনী ব্যবস্থা শক্তিশালী করে, দক্ষ কর্মসংস্থান তৈরি করে এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত করে। কিন্তু এর সুফল সব দেশে সমানভাবে পৌঁছায়নি। আঙ্কটাডের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৫-এ বলা হয়েছে, ২০২৪ সালে ডিজিটাল অর্থনীতিতে বৈশ্বিক গ্রিনফিল্ড বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৬০ বিলিয়ন ডলারে, যা ২০২০ সালের প্রায় তিন গুণ। অথচ ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে উন্নয়নশীল দেশগুলো এই বিনিয়োগের মাত্র ৩০ শতাংশ পেয়েছে।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্যারিবিয়ান এক্সপোর্ট ডেভেলপমেন্ট এজেন্সি ক্যারিবিয়ান ইনভেস্টমেন্ট ফোরামের মাধ্যমে বিনিয়োগের জন্য প্রস্তুত প্রকল্পগুলোকে আন্তর্জাতিক পুঁজির সঙ্গে যুক্ত করেছে। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে এই প্ল্যাটফর্মে ৩০টি প্রকল্প তুলে ধরা হয়েছে, যেগুলোতে বিনিয়োগ সম্ভাবনা ১৭ কোটি ডলারের বেশি। পুরো অঞ্চলকে একক গন্তব্য হিসেবে উপস্থাপনের এই পদ্ধতি ডিজিটাল সেবাসহ বিভিন্ন খাতে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগেও সহায়তা করেছে।
ইথিওপিয়ান ইনভেস্টমেন্ট কমিশনের স্বীকৃতি মিলেছে ডিজিটাল সংযোগ ও আর্থিক অন্তর্ভুক্তিতে বিনিয়োগ সহজ করার জন্য। বিশেষ করে সাফারি কম ইথিওপিয়া ও মোবাইল আর্থিক সেবা প্ল্যাটফর্ম এম-পেসা ইথিওপিয়ার সম্প্রসারণে সহায়তা করেছে সংস্থাটি। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সাফারি কম ইথিওপিয়ার সক্রিয় গ্রাহক ১ কোটি ৩৬ লাখ, নেটওয়ার্ক সাইট ৩ হাজার ৫০৪টি। ফোর-জি সেবার আওতায় এসেছে দেশটির ৫৯ শতাংশ মানুষ। এম-পেসার গ্রাহক ৫২ লাখ। আঙ্কটাড বলছে, এই প্রকল্প প্রতিযোগিতা বাড়াচ্ছে, ব্রডব্যান্ড ও ডিজিটাল পেমেন্টের পরিসর বাড়াচ্ছে এবং ই-কমার্স, ফিনটেক ও ডিজিটাল গণসেবার বিকাশে ভূমিকা রাখছে।
সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার জন্য পুরস্কার পেয়েছে ইনভেস্ট কোরিয়া। সেমিকন্ডাক্টরের উপকরণ, যন্ত্রাংশ ও সরঞ্জামে বিদেশি বিনিয়োগ টানতে ২০২৩ সাল থেকে লক্ষ্যভিত্তিক উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এর মাধ্যমে এ পর্যন্ত ৫১ কোটি ৮০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। ২০২৭ সালের মধ্যে ৬৮০টির বেশি প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিনিয়োগকারী চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার, উচ্চপর্যায়ের যোগাযোগ এবং সমন্বিত প্রণোদনা সহায়তা—এই তিনটি কৌশল কাজে লাগিয়েছে সংস্থাটি।
সম্ভাবনাময় স্টার্টআপ আকর্ষণের জন্য পুরস্কৃত হয়েছে ইনভেস্ট কাতার। ২০২৪ সাল থেকে ‘স্টার্টআপ কাতার’ উদ্যোগের আওতায় ৮৫০টির বেশি স্টার্টআপ প্রতিষ্ঠায় সহায়তা করা হয়েছে। বিনামূল্যে ও দ্রুত ব্যবসা নিবন্ধন, এআই কম্পিউট ক্রেডিট এবং উপযোগী আবাসন কর্মসূচিসহ নানা প্রণোদনা দেওয়া হয়েছে। তহবিল কর্মসূচিতে আবেদন জমা পড়েছে ১০ হাজারের বেশি। এর মধ্য দিয়ে ৫০টির বেশি স্টার্টআপ ১০ কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে।
মরক্কোর ট্যাঙ্গার মেড ইন্ডাস্ট্রিয়াল প্ল্যাটফর্মকে পুরস্কৃত করা হয়েছে ডিজিটাল সেবা ও সমাধানে বিনিয়োগ আনার জন্য। বিশেষ করে তেতুয়ান শোরে আলটেন ডেলিভারি সেন্টার মারক প্রতিষ্ঠায় বিনিয়োগকারীর জন্য সাজানো বিশেষ প্যাকেজ ও ওয়ান-স্টপ শপ সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে ওই অঞ্চলে উচ্চদক্ষ প্রকৌশল কার্যক্রম এসেছে।
পুরস্কার বিতরণ বিশ্ব বিনিয়োগ ফোরামের বৃহত্তর আলোচ্যসূচির অংশ। আজ সোমবার ফোরামের আওতায় গ্লোবাল ইনভেস্টমেন্ট প্রোমোশন কনফারেন্সের দ্বিতীয় অধিবেশনে ডিজিটাল অর্থনীতি নিয়ে আলোচনা হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আরও বেশি দেশ কীভাবে ডিজিটাল বিনিয়োগের সুফল পেতে পারে, তা চিহ্নিত করাই এই অধিবেশনের লক্ষ্য। এ ছাড়া ফোরামে এআই অবকাঠামোতে বিনিয়োগ, এআই বিনিয়োগ ও দক্ষতা বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নে বিনিয়োগ সহজ করার নীতি ও অংশীদারিত্ব নিয়েও আলোচনা হবে।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত আঙ্কটাড জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক প্রধান সংস্থা। ১৯৫টি সদস্য রাষ্ট্রকে বিশেষজ্ঞ বিশ্লেষণ ও কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি আন্তঃসরকারি সংলাপের মঞ্চ হিসেবেও কাজ করে সংস্থাটি।
ডেল্টা টাইমস/সিআর/এমই