আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হবে।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এ ব্যাপারে রাজনৈতিক সমঝোতা হয়েছে।
তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনী-সংক্রান্ত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দেওয়া রায় সর্বোচ্চ আদালত বাতিল করেছেন এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হচ্ছে। তবে এ ব্যবস্থা সংবিধানে পুনঃপ্রতিষ্ঠার জন্য আইনসভার মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বহাল করতে হবে। আমরা এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনই ছিল আমাদের আন্দোলন। সংবিধান সংশোধনের মাধ্যমে এটি প্রতিস্থাপন করা হবে।’
এদিকে, শনিবার জাতীয় সংসদে সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারগঠনের প্রক্রিয়া, কাঠামো ও কর্মপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে অনেকে বিভিন্ন ধারণা দিয়েছেন। উচ্চকক্ষ গঠিত হলে এবং সংসদ বিলুপ্ত হওয়ার পরও উচ্চকক্ষ বহাল থাকলে, সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারগঠনের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।
উচ্চকক্ষে উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করে তাকে দায়িত্ব দেওয়ার প্রস্তাবও এসেছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিকল্প হিসেবে সরকারিদল ও বিরোধীদলের সম্মতিতে স্পিকার নির্বাচিত হলে তাকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান করা যায় কি না, সেই ধারণাও দিয়েছেন কেউ কেউ। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অন্য উপদেষ্টাদের দুই দলের সম্মতিতে উচ্চকক্ষ থেকে নিয়োগের বিধান রাখার প্রস্তাব এসেছে।
তিনি বলেন, এসব প্রস্তাব বিবেচনা করা যেতে পারে। তবে এখনও সুনির্দিষ্ট কোনো লিখিত প্রস্তাব পাওয়া যায়নি। তত্ত্বাবধায়ক সরকারের গঠনপ্রক্রিয়া ও কর্মপরিধি সম্পর্কে সবাইকে লিখিত মতামত দিতে অনুরোধ করা হয়েছে। আরও প্রস্তাব এলে কমিটি সেগুলো প্রতিবেদনে তুলে ধরবে।