রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নিয়ে নামতে হয়েছে বলে মন্তব্য

2026-10-19T13:06:50+06:00
2026-10-19T13:06:50+06:00
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:০৬ পিএম   (ভিজিট : ০)

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নিয়ে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা দেখছি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন জায়গায় মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা ইশরাক কাণ্ডের মধ্য দিয়ে আবার সামনে এসেছে।

তিনি বলেন, সামগ্রিকভাবে দেশের মাদক নির্মূলের জন্য যেসব সংস্থা রয়েছে, সেগুলোও অকার্যকর অবস্থায় আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও অকার্যকর অবস্থায় আছে। বাংলাদেশের সীমান্ত অরক্ষিত অবস্থায় রয়েছে। কারণ, যেসব মাদক সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, সেগুলো প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সামগ্রিকভাবে শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, সরকারের এমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেছেন তিনি।

আখতার হোসেন বলেন, এখানে আরেকটি প্রশ্ন রয়েছে। ইশরাকের পদত্যাগ কি শুধু অস্ত্র সামনে নিয়ে আসার বিষয়, নাকি এর সঙ্গে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেরও কোনো বিষয় রয়েছে? সেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। আমরা মনে করি, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সীমান্তগুলো সুরক্ষিত করতে হবে, যাতে কোনোভাবেই অবৈধ মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, তা থেকে উত্তরণের জন্য সরকারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু আইওয়াশ বা ইশরাকের পদত্যাগের মতো ঘটনার মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। সত্যিকার অর্থে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, তা উদ্ঘাটন করে সেই জায়গায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ