প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ পিএম (ভিজিট : ০)

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৮ অক্টোবর) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের সচিব মো. সাইদুর রহমান খান।
দুদকের অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য জমা দেওয়া সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) শিক্ষকতা, শিক্ষাসংক্রান্ত নির্দেশিকা তৈরি ও পর্যালোচনা এবং ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করার অভিজ্ঞতা উল্লেখ করেন সায়মা ওয়াজেদ। তবে এসব কাজে তার সম্পৃক্ততার বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে সংস্থাটি।
দুদকের এজাহারে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষকতা কিংবা শিক্ষাসংক্রান্ত নির্দেশিকা তৈরি ও পর্যালোচনার কাজে অংশ না নিয়েও এসব অভিজ্ঞতা থাকার দাবি করে ডব্লিউএইচওতে আবেদন করেন পুতুল। এসব তথ্যের ভিত্তিতে তিনি সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ২০১৭ সালে স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন নিযুক্ত হন সায়মা ওয়াজেদ। ওই দায়িত্বে থাকাকালে তিনি সিভিতে অটিজম ও মানসিক স্বাস্থ্যবিষয়ক কারিগরি বিশেষজ্ঞ হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন।
দুদকের তদন্তে দাবি করা হয়েছে, নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় নথি প্রস্তুত ও তথ্য যাচাইয়ের ক্ষেত্রে চাপ প্রয়োগ করা হয়। পরে বাংলাদেশের স্থায়ী মিশন, জাতিসংঘের কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচওর সদর দফতরে এসব তথ্য পাঠানো হয়। মিথ্যা তথ্য দেওয়া ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে বলেও তদন্তে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ২০২৫ সালের ২০ মার্চ পৃথক দুটি মামলা করে সংস্থাটি। এর একটি ডব্লিউএইচওতে নিয়োগ পেতে সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে। অন্য মামলায় সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগ আনা হয়।