দেশ গঠনে ব্যতিক্রমী উদ্যোগের বিকল্প নেই : প্রধানমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

নিজ নিজ কাজ ও ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির পাশে থাকার আশ্বাস দিয়েছেন

2026-10-14T17:38:55+06:00
2026-10-14T17:38:55+06:00
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দেশ গঠনে ব্যতিক্রমী উদ্যোগের বিকল্প নেই : প্রধানমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিজ নিজ কাজ ও ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের জীবনসংগ্রাম, শিক্ষা বিস্তার ও পরিবেশ রক্ষায় ভূমিকার কথা শুনে প্রশংসা করেন তিনি। একই সঙ্গে দেশ গঠনে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েট থেকে পাস করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, জন্ম থেকেই দুই হাতহীন হয়েও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনজনই। তাঁরা নিজেদের জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁদের কাজের প্রশংসা করেন এবং উদ্যোগগুলো অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বুয়েট থেকে পাস করে প্রাথমিকের শিক্ষক নায়লা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছিলেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন তিনি। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন নায়লা।

গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহজ করতে নিজেই তৈরি করেন শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট। তাঁর এই ব্যতিক্রমী পেশা নির্বাচন ও শিক্ষাক্ষেত্রে অবদান নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়।

দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা আলতাফের

নরসিংদীর পাঁচদোনার মো. আলতাফ হোসেনের জন্ম থেকেই দুই হাত নেই। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁর পথচলা থামাতে পারেনি। পা দিয়ে লেখালেখি শিখে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল।

নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ১০ জন। পা দিয়েই লেখালেখি করার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন আলতাফ।

তাঁর কথা শুনে বিদ্যালয়টির জন্য নতুন ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিন দশক ধরে গাছ লাগাচ্ছেন বাবুল

ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুল প্রায় তিন দশক ধরে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করে আসছেন। মসজিদে ইমামতির পাশাপাশি নিজের অর্থ ও শ্রম দিয়ে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি।

পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তোলার পর সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ শুরু করেন বাবুল। তাঁর লাগানো অনেক গাছ এখন বড় হয়ে পথচারীদের ছায়া দিচ্ছে।

সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী তাঁদের কর্মকাণ্ডের প্রশংসা করেন। এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করবে বলে উল্লেখ করেন তিনি।








  এই ক্যাটেগরির আরো সংবাদ