এক দিনে দুই বিমানবন্দরে এক কোটি ৩৯ লাখ টাকার পণ্য আটক

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে একই দিনে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ও একটি দামি আইফোন

2026-10-13T15:59:58+06:00
2026-10-13T15:59:58+06:00
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এক দিনে দুই বিমানবন্দরে এক কোটি ৩৯ লাখ টাকার পণ্য আটক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে একই দিনে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ও একটি দামি আইফোন আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য (শুল্ক-করসহ) ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান দুটি পরিচালিত হয়।

কাস্টমস গোয়েন্দার বি-শিফটের কর্মকর্তারা শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় বিশেষ নজরদারি বাড়ান। এ সময় কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-০৩১৬ (BS-0316)-এ আসা যাত্রী ফাতেমা তুজ জোহরা গ্রিন চ্যানেল পার হওয়ার চেষ্টা করলে তাঁর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।
তল্লাশিতে তাঁর কাছ থেকে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার এবং একটি ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’ (iPhone 18 Pro Max) উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।

এদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ (BG-148)-এর দুই যাত্রীর ওপর নজরদারি রাখা হয়। সকাল সাড়ে ৭টার দিকে তানবীর হাসান রিফাত নামের এক যাত্রী শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল পার হওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে কাস্টমস হলরুমে নিয়ে তল্লাশি করে তাঁর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং শরীর থেকে ১১৭ গ্রামের একটি স্বর্ণবার পাওয়া যায়।

একই ফ্লাইটের আরেক যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও শরীর তল্লাশি করে ১১৭ গ্রাম স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালে এর আগেও এই যাত্রীর পাসপোর্টে ব্যাগেজ সুবিধায় স্বর্ণ আনার রেকর্ড রয়েছে।

এ অভিযানে দুই যাত্রীর কাছ থেকে মোট ৪৩৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়, যার বাজারমূল্য প্রায় ৭৮ লাখ ১২ হাজার টাকা।
গত এক সপ্তাহের আটক ও পরবর্তী পদক্ষেপ

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, ধারাবাহিক নজরদারির ফলে গত এক সপ্তাহে শাহ আমানত বিমানবন্দরে বিভিন্ন যাত্রীর কাছ থেকে ৭০২ গ্রাম স্বর্ণবার ও ২০০ গ্রাম অলঙ্কারসহ মোট ৯০২ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে।
চোরাচালান চক্র প্রতিরোধ এবং রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরগুলোতে গোয়েন্দা নজরদারি ও কঠোর তল্লাশি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।








  এই ক্যাটেগরির আরো সংবাদ