পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:৪০ পিএম আপডেট: ১১.১০.২০২৬ ৪:৪১ পিএম (ভিজিট : ১৫)

ফাইল ছবি
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চার বাংলাদেশি রিয়াদের কিং খালিদ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত এবং চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা কিং খালিদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, নিহত ব্যক্তিরা বাংলাদেশের কোন জেলার বাসিন্দা এবং দেশে তাঁদের পরিবারের সদস্যরা কোথায় থাকেন, তা জানার চেষ্টা চলছে। একই সঙ্গে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এর আগে হুথিদের হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছিলেন। এবার আরও দুই বাংলাদেশি প্রাণ হারালেন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে হারিয়েছে দেশ। তিনি আশা প্রকাশ করেন, এ বিপর্যয় ও হামলা বন্ধ হবে। এ ধরনের মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সব সময় বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও দেখভালকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনার কথা বলেছেন। সে অনুযায়ী সৌদি আরবে বাংলাদেশের মিশন সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং হতাহত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি বাংলাদেশিরা যাতে যথাসম্ভব নিরাপদে থাকতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
হামলার পর রিয়াদগামী ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানান শামা ওবায়েদ। ওই সময় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের কোনো ফ্লাইট ছিল কি না বা কোনো ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের কাছে কোনো তথ্য নেই। হামলার খবর পাওয়ার পরপরই ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে।
নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি মাত্র ঘটেছে। এ বিষয়ে সৌদি সরকার এবং সৌদি আরবে বাংলাদেশিদের যেসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান রয়েছে, সেসব প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহত ব্যক্তিদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।