যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম (ভিজিট : ৮)

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়লে পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা।
নিয়োগ কমিটির আহ্বায়ক ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁসের বিষয়টি নজরে আসায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হবে।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।