প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পিএম (ভিজিট : ০)

দুটি বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে সরকারি সফরে আজারবাইজান এবং ইরাক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রতিমন্ত্রী চলতি সপ্তাহে আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ার নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক বহুপাক্ষিক ফোরামের (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলন অংশ নেবেন। পাশাপাশি তিনি আগামী সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৫ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ার নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক বহুপাক্ষিক ফোরামের (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্র ও সরকারপ্রধান এবং সিআইসিএ-এর সদস্য রাষ্ট্র, পর্যবেক্ষক রাষ্ট্র ও পর্যবেক্ষক ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সিআইসিএ-এর গুরত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনের ফাঁকে তিনি কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
এছাড়া, আগামী ১৭-১৮ অক্টোবর ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম অধিবেশন বাগদাদে অনুষ্ঠিত হবে। অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি অধিবেশনের ফাঁকে ইরাকসহ ওআইসির কয়েকটি দেশের মন্ত্রী, উপ-মন্ত্রীসহ প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সিআইসিএ-এর সপ্তম শীর্ষ সম্মেলন অংশ নিতে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আগামী ১৪ অক্টোবর ঢাকা থেকে বাকুর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি আগামী ১৬ অক্টোবর বাকু থেকে বাগদাদ যাওয়ার কথা রয়েছে।
সিআইসিএ-এর ওবেয়সাইটের তথ্য বলছে, আঞ্চলিক নেতাদের একত্রিত করে সংলাপ, পারস্পরিক আস্থা ও গঠনমূলক সহযোগিতার প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করার সুযোগ করে দেবে এই সম্মেলন। এই আয়োজন আস্থা অর্জনের পদক্ষেপ জোরদার করা; শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের প্রসার ঘটানো এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো মোকাবিলায় বহুপাক্ষিক উদ্যোগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্ব বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন বেশ গুরত্বপূর্ণ। ইতোমধ্যে এবারের অধিবেশনের ‘বাগদাদ ঘোষণা’ খসড়া তৈরির কাজ শুরু করেছে সংস্থাটি।
সম্প্রতি ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছেন, ৫২তম অধিবেশন বাগদাদে আয়োজন করা ইরাক এবং সংস্থার সদস্য রাষ্ট্র উভয়ের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে এই সম্মেলনের বিশাল গুরুত্ব তুলে ধরেন এবং নিশ্চিত করেন যে, মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন অংশগ্রহণকারী প্রতিনিধিদলগুলোকে ইরাকের পরিস্থিতির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করার সুযোগ করে দেবে।
এই আয়োজন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও ইস্যুগুলোর ক্ষেত্রে ইসলামি দেশগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয়কে শক্তিশালী করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী।
ডেল্টা টাইমস/সিআর/এমই