বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে পুশ ইন ব্যর্থ, চারজনকে নিয়ে ফিরল বিএসএফ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ পিএম (ভিজিট : ১০)

সংগৃহীত ছবি
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে শিশুসহ চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতা ও স্থানীয় লোকজনের সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
শুক্রবার (৯ অক্টোবর) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন গাংনীর শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৪৪/৪-এস-এর কাছে এ ঘটনা ঘটে।
৪৭ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফের বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা চার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেন। গোয়েন্দা তথ্য ও বিজিবির টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত শনাক্ত হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিজিবি সদস্যরা ওই চেষ্টা প্রতিহত করেন।
বিজিবি জানায়, সকাল ৬টার দিকে সীমান্তের ১০৪ নম্বর গেট দিয়ে বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান। বিশেষ সূত্রে জানা গেছে, তাঁরা বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে অবস্থান করছেন।
ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। এ ছাড়া ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানোর প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি জোরদার রাখা হয়েছে। পুশ ইনের চেষ্টা শনাক্ত হওয়ার পরপরই টহল দল প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় বিএসএফের সেই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি পতাকা বৈঠকে তুলে প্রতিবাদ জানানো হয়েছে।