বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এবং মাদ্রাসাসহ সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)।
শুক্রবার সকাল ১০টায় ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় নেতারা এসব দাবি তুলে ধরেন।
বিএমজিটিএর সিনিয়র সহসভাপতি আব্দুস শাকুরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ। প্রধান আলোচক ছিলেন মহাসচিব ফিরোজ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেএম শামীম, মোহাম্মদ আলী, ফজলুর রহমান, আব্দুল হাই, গোলাম মোস্তফা, আসাদুজ্জামান, আলাউদ্দিন, রেজাউল হক মন্ডল, রফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম।
বক্তারা বলেন, দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের জীবনযাত্রার মান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। এ জন্য তাঁরা সরকারি চাকরিজীবীদের মতো শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে সমপরিমাণ চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের কথাও বলেন তাঁরা।
সভায় আরও কয়েকটি দাবি তোলা হয়। এর মধ্যে রয়েছে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের জন্য বদলি প্রথা চালু, মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগের সুযোগ সৃষ্টি এবং অবিলম্বে ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে শতভাগ বেতন-ভাতা পরিশোধ।
বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।