রিয়াদে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ এএম (ভিজিট : ৮)

সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট। একই সময়ে ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া এলাকা হুথি বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখলে অভিযান শুরু করেছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। জোটের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করেছে বলে জানান তিনি।
আল-মালিকি আরও জানান, গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে সানার আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থানটি শনাক্ত করে নজরদারি করা হচ্ছে। সেটি ধ্বংস করা হবে বলেও জানান তিনি।
এদিকে, তাইজ প্রদেশের পাহাড়ি আল-ওয়াজিয়া জেলা হুথিদের কাছ থেকে পুনর্দখলে অভিযান শুরু করার দাবি করেছে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।
লোহিত সাগরের উপকূল ও বাব আল-মান্দব প্রণালির নিয়ন্ত্রণ ফেরাতেই এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।
হুথিরা ২০১৪ সালে শক্তি প্রয়োগ করে ইয়েমেনের রাজধানী সানা দখল করে। পরে তারা সেখানে নিজেদের সরকার প্রতিষ্ঠা করে। ইরান-সমর্থিত এই গোষ্ঠী এখন দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে।
গত মাসে তারা পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হয়ে বন্দরনগরী মোখা ও বাব আল-মান্দবের আশপাশের এলাকা দখল করে।
হুথিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা, যার মধ্যে রাজধানী সানাও রয়েছে, পুনর্দখলের পরিকল্পনা নিয়েছে ইয়েমেন সরকার। এ লক্ষ্যে রোববার ‘ডন অব ইয়েমেন’ অভিযান ঘোষণা করেন প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি। আল-ওয়াজিয়ায় শুরু হওয়া অভিযানটি এই পরিকল্পনারই অংশ। - সূত্র: আল-জাজিরা
ডেল্টা টাইমস/সিআর/এমই