নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীই নিহত

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো প্রদেশে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন

2026-10-06T09:36:14+06:00
2026-10-06T09:36:14+06:00
মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীই নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:৩৬ এএম   (ভিজিট : ৬)
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো প্রদেশে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৫ অক্টোবর) নিয়মিত একটি মিশনে যাওয়ার পথে ওন্দো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি বেনিন থেকে দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসের উদ্দেশে যাচ্ছিল।

নাইজেরিয়ার বিমানবিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রেডিওর মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পরে ইগবোকোডার একটি নৌঘাঁটির কাছাকাছি জলাভূমি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার অভিযানে নৌযান ব্যবহার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উদ্ধারকারী দলের সদস্যদের নৌকায় করে দুর্ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়।

নাইজেরীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বিমানবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি নিচে নামার সময় কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে দুর্ঘটনাস্থল থেকে মানুষের দেহাবশেষ, পোশাক ও জুতা পাওয়া যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে প্রেসিডেন্ট বোলা টিনুবু গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে। তবে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ