সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাছে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। অনেকেই মনে করেন, যেকোনো সমস্যায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাছে গেলে সমাধান পাওয়া যাবে। অথচ সব ধরনের সমস্যা সমাধান করা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এসব বিষয়ে সরকারের অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থারও দায়িত্ব রয়েছে।
মন্ত্রী বলেন, দেশব্যাপী নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য আজ থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা, ইউনিয়ন ও মাঠপর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
রোববার (০৪ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের নিজ দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে খুলনার সিএসএস আভা সেন্টারে আয়োজিত ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক খুলনা বিভাগীয় সেমিনারের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মানুষের চাওয়ার যেমন শেষ নেই, তেমনি দায়িত্বে থাকা ব্যক্তিদেরও সেবার মান কীভাবে আরও উন্নত করা যায় এবং অবহেলিত মানুষের কাছে কীভাবে আরও ভালোভাবে সেবা পৌঁছে দেওয়া যায়, সে চেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং হঠাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় কীভাবে দ্রুত সাড়া দেওয়া যায়, সে বিষয়ে সবাইকে আরও সচেতন ও উদ্যোগী হতে হবে।
তিনি বলেন, মানুষ যত বেশি আধুনিক ও উন্নত হচ্ছে, সমাজে তত ধরনের নতুন সমস্যা ও বৈষম্য তৈরি হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সমাজকল্যাণের কার্যক্রম পরিচালনা করতে হবে। স্বাভাবিক জনগোষ্ঠীর পাশাপাশি প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যও কাজ করার সুযোগ রয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ কর্মসূচির প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জনবল বৃদ্ধি, যন্ত্রপাতি বাড়ানো এবং পদোন্নতির বিষয়ে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে কিছু ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তবে আরও অনেক ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন।
তিনি বলেন, আজকের আয়োজনটি সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে একটি উন্মুক্ত ও বন্ধুত্বপূর্ণ আলোচনা এবং ইন্টার্যাকটিভ সেশনের মতো। এর মাধ্যমে সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়ের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) মোহা. কামরুজ্জামান।
সেমিনারে খুলনা বিভাগের ১০ জেলার সমাজসেবা দপ্তরের উপপরিচালক, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
ডেল্টা টাইমস/সিআর