ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:৪১ এএম (ভিজিট : ১০)

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো জেলায় বইছে উৎসবের আমেজ। কঠোর নিরাপত্তার মধ্যে সভাস্থলকে তিনটি জোনে ভাগ করা হচ্ছে। মাঠে থাকবে দুই হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
সড়কপথে ফেনী যাবেন তারেক রহমান। দুপুর সাড়ে ১২টায় পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
পরে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী। এছাড়া জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
এ ছাড়া ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান করবেন প্রধানমন্ত্রী।
এদিকে, বাঁধ প্রকল্পের মধ্য দিয়ে বন্যার দীর্ঘদিনের দুঃখ ঘুচবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
ডেল্টা টাইমস/সিআর/এমই