‘৬ জেলায় ডিজিটাল পরিচিতি দিয়ে স্বাস্থ্যব্যবস্থার পাইলট শুরু শিগগির’

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

দেশের ছয় জেলায় আগামী এক-দুই মাসের মধ্যে ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার পাইলট প্রকল্প শুরু করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এ ব্যবস্থায়

2026-11-26T15:21:03+06:00
2026-11-26T15:21:03+06:00
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

‘৬ জেলায় ডিজিটাল পরিচিতি দিয়ে স্বাস্থ্যব্যবস্থার পাইলট শুরু শিগগির’
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:২১ পিএম   (ভিজিট : ১৩)
জাতীয় ভাসকুলার ডে উপলক্ষে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক বিশেষ আয়োজন ও কর্মশালা

জাতীয় ভাসকুলার ডে উপলক্ষে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক বিশেষ আয়োজন ও কর্মশালা

দেশের ছয় জেলায় আগামী এক-দুই মাসের মধ্যে ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার পাইলট প্রকল্প শুরু করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এ ব্যবস্থায় প্রত্যেক নাগরিকের জন্য আলাদা স্বাস্থ্য পরিচিতি থাকবে। একইসঙ্গে সরকারি হাসপাতাল থেকে বিশেষায়িত প্রতিষ্ঠানে চিকিৎসা নেওয়ার সময় রোগীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য একটি নেটওয়ার্কের মাধ্যমে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় ভাসকুলার ডে উপলক্ষে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক বিশেষ আয়োজন ও কর্মশালায় এসব কথা বলেন তিনি। 


প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা সরকারের অন্যতম অগ্রাধিকার। এজন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ছয় জেলায় পাইলট প্রকল্প চালু করা হবে।

আরিজ ফাউন্ডেশন ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করছে বাংলাদেশ ভাসকুলার সোসাইটি। এতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

ডা. এম এ মুহিত বলেন, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার মূল উপাদান হবে প্রত্যেক নাগরিকের জন্য একটি ইউনিক স্বাস্থ্য পরিচিতি। জাতীয় পরিচয়পত্রের মতো প্রত্যেকের আলাদা স্বাস্থ্য পরিচিতি থাকবে। একজন নাগরিক উপজেলা পর্যায় থেকে শুরু করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিলেও তার তথ্য পুরো নেটওয়ার্কের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকবে।

তবে রোগীর স্বাস্থ্যতথ্য ব্যক্তিগত ও গোপনীয় হওয়ায় এর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, একজন রোগী যে চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন, তার অনুমতি ছাড়া অন্য চিকিৎসকেরও সেই তথ্য দেখার অধিকার থাকা উচিত নয়। বিশাল তথ্যভান্ডারের নিরাপত্তা, সুরক্ষা ও হ্যাকিংয়ের ঝুঁকি বিবেচনায় নিয়েই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।


ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে হাসপাতালের ফার্মেসি নেটওয়ার্ক যুক্ত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এতে উপজেলা ও গ্রাম পর্যায়ে হাসপাতাল থেকে দেওয়া ওষুধ রোগীর কাছে পৌঁছাচ্ছে কি না, কোথাও ওষুধের ঘাটতি রয়েছে কি না কিংবা ওষুধ অন্যত্র চলে যাচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা সহজ হবে।

হাসপাতালে রোগীর ভিড় কমাতে অনলাইন টিকিট ও নির্দিষ্ট সময়ে চিকিৎসক দেখানোর ব্যবস্থাও চালু করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের রোগীদের ভিড় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালটিতে পাঁচ-ছয় ঘণ্টার মধ্যে প্রায় ৬০০ রোগী আসেন। তাদের সঙ্গে একজন করে স্বজন থাকলে গেটের সামনে প্রায় ১২০০ মানুষের ভিড় তৈরি হয়। অনেককে আগের রাত থেকেই অপেক্ষা করতে হয়।

তিনি আরও বলেন, এ সমস্যা সমাধানে রোগীদের ঘণ্টাভিত্তিক স্লটে ভাগ করে নির্দিষ্ট সময়ে হাসপাতালে আসার ব্যবস্থা করা যেতে পারে। অনলাইনে টিকিট বুকিং ও পেমেন্টের ব্যবস্থাও করা হচ্ছে। অনলাইনে টিকিট নেওয়া রোগীদের জন্য হাসপাতালটিতে আলাদা বহির্বিভাগের কক্ষ খোলা হয়েছে। তারা লাইনে না দাঁড়িয়ে সরাসরি চিকিৎসকের কাছে যেতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালগুলো নিজস্ব ডিজিটাল ব্যবস্থা তৈরি করছে। অনলাইনে বা ফোনে বুকিং ও পেমেন্ট করে রোগীরা নির্ধারিত সময়ে চিকিৎসা নিতে পারবেন। এক-দুই সপ্তাহের মধ্যে পুরো ব্যবস্থাটি চালু হওয়ার কথা। আগারগাঁওয়ের আরও কয়েকটি হাসপাতালেও একই ধরনের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতাল পরিদর্শনের সময় রোগীদের ক্যামেরার সামনে এনে দেখানো এবং চিকিৎসকদের সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়ানোর প্রবণতার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসক, সাংবাদিক ও নীতিনির্ধারকদের মধ্যে সম্পর্কের ভারসাম্য নষ্ট হচ্ছে। দায়িত্বশীল ব্যক্তিদের হাসপাতালে গিয়ে রাজনৈতিক বক্তৃতা না দিয়ে মনিটরিং ও সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া উচিত।

তিনি আরও বলেন, হাসপাতালে গিয়ে চিকিৎসক, নার্স ও ক্লিনিক্যাল স্টাফদের সঙ্গে আলাদা কক্ষে আলোচনা করা যেতে পারে। সাংবাদিকদের উপস্থিতি থাকবে, তবে আলোচনার পর সিদ্ধান্ত ও বক্তব্যের সারসংক্ষেপ বাইরে এসে জানানো যেতে পারে। সব আলোচনা ক্যামেরার সামনে করার প্রয়োজন নেই।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসক, সাংবাদিক ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। খোলামেলা আলোচনা করতে হবে, তবে সব আলোচনা প্রকাশ্যে করার প্রয়োজন নেই। সবকিছু রেকর্ড করে জনসমক্ষে দেওয়ার জন্য নয়। আস্থা তৈরি করতে হলে এমন একটি নিরাপদ জায়গা দরকার, যেখানে সবাই নিজের কথা বলতে পারবেন।

স্বাস্থ্য সাংবাদিকতায় ভাষার ব্যবহার ও পেশাগত সম্মান বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। প্রতিমন্ত্রীর মতে, সংবাদমাধ্যমের শিরোনামে অভিযোগ বা প্রমাণের আগেই ‘লুটপাট’ কিংবা ‘দুর্নীতি’র মতো শব্দ ব্যবহার করা ঠিক নয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তির পেশাগত সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি বলেন, সংবাদমাধ্যমের নিজস্ব আনুষ্ঠানিক ভাষা রয়েছে। শিরোনাম তৈরিতে সেই ভাষা ও সম্পাদকীয় নীতি অনুসরণ করা দরকার। চিকিৎসক ও সাংবাদিক— উভয় পক্ষেরই পরস্পরের পেশাগত সম্মান বজায় রাখা উচিত।

স্বাস্থ্য অবকাঠামোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে অনেক হাসপাতালের ভবন তৈরি হলেও সেগুলো চালু হয়নি। কোথাও প্রশাসনিক অনুমোদন, দায়িত্ব হস্তান্তর বা প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। ২০-২৫টি ট্রমা সেন্টার তৈরি হলেও সেগুলোর অনেকগুলো চালু করা হয়নি।

তিনি জানান, এসব হাসপাতাল চালুর জন্য কাজ চলছে। কয়েকটি ট্রমা সেন্টার ইতোমধ্যে চালু হয়েছে। পাশাপাশি পাঁচটি শিশু হাসপাতাল পুনর্গঠন করে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহে এসব হাসপাতালের জন্য পাঁচজন উপপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে পাঁচটি বিভাগে পাঁচটি শিশু হাসপাতাল চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য সাংবাদিকতার গুরুত্ব, রোগ প্রতিরোধ, আধুনিক চিকিৎসাব্যবস্থা এবং চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য সঠিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে উপস্থাপনের ওপর গুরুত্ব দিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমএই) উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক), বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ভাসকুলার সার্জন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ