গিলকে ধরতে ছুটছেন কোহলি

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫৫তম সেঞ্চুরি করে এবার আইসিসির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে জায়গা

2026-09-30T17:48:51+06:00
2026-09-30T17:54:11+06:00
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

গিলকে ধরতে ছুটছেন কোহলি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ৫:৫৪ পিএম  (ভিজিট : ৯)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫৫তম সেঞ্চুরি করে এবার আইসিসির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি।  এর মধ্যে দিয়ে তার সতীর্থ ও ভারত অধিনায়ক শুবমান গিলের পেছনে ছুটছেন তিনি।  রেটিং পয়েন্টে ব্যবধানটা খুব বেশি নয়।  কোহলির রেটিং ৭৯৬, আর শীর্ষে থাকা গিলের ৮১৬।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কোহলির ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৩৯ রান।  মাত্র ৮৮ বলে খেলা এই ইনিংসে ছিল ৯টি ছক্কা।  তার দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটে ম্যাচ জেতে ভারত।  সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই র‍্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উঠেছেন কোহলি।

একই ম্যাচে গিলও করেছেন তার ক্যারিয়ারের ১০ম ওয়ানডে সেঞ্চুরি। ফলে তার রেটিংও বেড়েছে। শীর্ষ দুইয়ে থাকা ভারতীয় দুই ব্যাটারের পর তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। তার রেটিং ৭৯৪।  চতুর্থ স্থানে আছেন রোহিত শর্মা।  তার রেটিং ৭১৯।

২৭ সেপ্টেম্বরের দিনটিও ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে। ওই দিন পুরুষদের ওয়ানডেতে একসঙ্গে ছয়টি সেঞ্চুরি হয়েছে, যা একটি রেকর্ড। কোহলি ও গিলের পাশাপাশি তিন অঙ্ক ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ও ডেভিড মিলার, ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস এবং ইংল্যান্ডের টম ব্যান্টন।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছিল শ্রীলঙ্কা।  শেষ পর্যন্ত সিরিজটি ২-১ ব্যবধানে হেরে গেলেও ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন কুশল মেন্ডিস। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০০ বলে ১২১ রানের ইনিংস খেলার পর তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা সপ্তম স্থানে উঠেছেন তিনি।

শীর্ষ দশে ইংল্যান্ডের একমাত্র ব্যাটার জো রুট।  তিনি আছেন নবম স্থানে।  অধিনায়ক হ্যারি ব্রুক এক ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠেছেন। সিরিজের শেষ ওয়ানডেতে তার ৭৭ রানের ইনিংসের পর ইংল্যান্ডের জয়টা এসেছে ২২৩ রানে।


ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ