বিমান আটকে যাওয়ার ব্যাখ্যা
আকাশসীমায় বাধা রাজনৈতিক নয়, কারিগরি: পাকিস্তান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম আপডেট: ২৯.০৯.২০২৬ ৪:০২ পিএম (ভিজিট : ৯)

সংগৃহীত ছবি
আকাশসীমা ব্যবহারের অনুমতি পায়নি। বাংলাদেশের ওই বিমানকে কেন উড়তে দেওয়া হয়নি, তা নিয়ে ব্যাখ্যা দিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের দাবি, আকাশসীমা বন্ধের বিষয়টি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়; এটি ফ্লাইটের রুট ও আকাশসীমা ব্যবহারের অনুমতিসংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত বিষয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ফ্লাইট ও আকাশসীমা ব্যবহারের অনুমতির সব আবেদন দেশটির প্রচলিত নিয়ম, বেসামরিক বিমান চলাচলবিষয়ক প্রটোকল ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হয়।
হাইকমিশন জানায়, রূপপুরের জ্বালানি পরিবহন নিয়ে প্রকাশিত প্রতিবেদনে যে বিষয়ের কথা বলা হয়েছে, তা মূলত ফ্লাইটের রুট নির্ধারণ ও আকাশসীমার অনুমতিসংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষ ও অন্যান্য সংস্থার মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এতে কখনো কখনো ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তনও আসে।
পাকিস্তান বলেছে, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিষয়টিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে দেখা উচিত। দুই দেশের সম্পর্কের ক্ষতি হতে পারে, এমন কোনো প্রতিবেদন বা বয়ানকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
এর আগে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুরের জ্বালানি বহনকারী বিমানটির ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেটি নির্ধারিত সময়ে আসতে পারেনি। তখন পাকিস্তান কেন অনুমতি দেয়নি, তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
রূপপুর প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট রুটে সাধারণত একাধিক দেশের আকাশসীমা ব্যবহার করতে হয়। পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি স্থগিত করা হয়। পরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, অক্টোবর থেকে আবার ইউরেনিয়াম সরবরাহ শুরু হবে এবং বছরের শেষ নাগাদ চালানগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ