প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১০ পিএম আপডেট: ২৯.০৯.২০২৬ ৪:২৬ পিএম (ভিজিট : ১৫)

সংগৃহীত ছবি
রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযানে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের দাবি, অভিযানে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে দুই রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদাবর থানাধীন নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার চারজন হলেন—রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) ও রাশেদ (২৪)। তাদের মধ্যে রাজিব ও সাগরের পায়ে গুলি লাগে। আহত দুজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার কয়েকজন আসামি নবোদয় হাউজিং কাঁচাবাজারের পেছনে খালপাড় এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ৭-৮ জনকে দেখতে পায়।
পুলিশের দাবি, তাদের গ্রেফতারের চেষ্টা করা হলে কয়েকজন ধারালো চাপাতি নিয়ে পুলিশের দিকে এগিয়ে এসে হামলার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে রাজিব ও সাগর গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
অভিযানকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে স্টিলের ধারালো চাপাতি ও সামুরাই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় মোট আটটি মামলা রয়েছে। রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি বলেও পুলিশ জানিয়েছে। গ্রেফতার শাকিব ও রাশেদের বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ