বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম (ভিজিট : ৫)

বাংলাদেশের বিমান বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে নতুন করে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এ চুক্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে বোয়িংয়ের চুক্তিকে প্রতিষ্ঠানটির জন্য ‘ঐতিহাসিক দিন’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত, রপ্তানি ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন তিনি।
ট্রাম্পের পোস্ট অনুযায়ী, বাংলাদেশ ও তুরস্ক মিলে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে।
এ চুক্তিতে মার্কিন বাণিজ্য বিভাগ ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান সুরক্ষিত হবে বলে মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে মার্কিন শ্রমিকদের পাশে দাঁড়ালে প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে। এ সময় বোয়িং ও এর কর্মীদের অভিনন্দন জানান তিনি।
এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে সম্পূরক চুক্তি সই হয়।
চুক্তির আওতায় বাংলাদেশ নতুন করে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ সংগ্রহ করবে। এর মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আরও সম্প্রসারিত হবে।