বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, নগদ ৯ লাখ টাকায় আপস

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার

2026-09-24T16:30:44+06:00
2026-09-24T17:03:15+06:00
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, নগদ ৯ লাখ টাকায় আপস
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৬ ৫:০৩ পিএম  (ভিজিট : ১৭)

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার কিশোর আজান আলী শরীফ জামিনের আবেদন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তার পক্ষে আইনজীবী মো. আলমগীর হোসেন আবেদনটি দাখিল করেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে এর শুনানি হবে।

জামিন আবেদনে বলা হয়, ঘটনার সময় ওই কিশোর গাড়ির চালকের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ছিলেন। হর্ন বাজানো সত্ত্বেও তিনি দ্রুত সরে যেতে পারেননি, ফলে দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়। আবেদনে আরও বলা হয়, স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে কিশোরের পরিবার ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ হিসেবে নগদ ৯ লাখ টাকা দিয়েছে।

এর আগে কিশোরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. আরিফীন ইসলাম তাকে আটক রাখার আবেদন জানান। আবেদনে বলা হয়, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, দুর্ঘটনার পরপর প্রাইভেট কারের ডান পাশের ড্রাইভিং সিটের দরজা খুলে কিশোর আজান আলী শরীফ বেরিয়ে আসে। তদন্তে তার সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং তদন্ত চলছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখা প্রয়োজন।

উল্লেখ্য, মেহেদীর মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মোক্তাদীর ইসলাম বুধবার (২৩ সেপ্টেম্বর) গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলায় গাড়িটির চালক আকাশ মারক (৪৪)-কে আসামি করা হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়, তিনি বেপরোয়া গতিতে প্রাইভেট কার চালিয়ে মেহেদীকে চাপা দেন, এতে গুরুতর আহত হয়ে তিনি মারা যান।


ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ