দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অপেক্ষায় থাকা ৩৫ হাজার বেকার ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ডিগ্রিধারীর জন্য অবশেষে এলো আশার বার্তা। সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ পরিকল্পনায় তাঁদের অগ্রাধিকার দেওয়ার সুস্পষ্ট আশ্বাস দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। একই সঙ্গে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের সরকারিভাবে সৃষ্ট ৩,২০০টি শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদায়নের দাবিও গুরুত্বের সঙ্গে বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) আয়োজিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের স্বাস্থ্যখাতে ভূমিকা, প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ডি-ম্যাবের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, এমপি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এমপি।
মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সার্বিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রায় ১৮ কোটি জনসংখ্যার এই দেশে বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিপুল সংখ্যক দক্ষ স্বাস্থ্যকর্মী প্রয়োজন। এই বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার ইতোমধ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের যুগান্তকারী কার্যক্রম হাতে নিয়েছে। এ ছাড়া দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে বিশ্বমানের ও সুসংহত করতে চলতি বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঐক্য ও পারস্পরিক সংহতি ছাড়া কোনো পেশাগত সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়। তিনি সংশ্লিষ্ট সবাইকে পেশাগত ঐক্য বজায় রাখার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে নাগরিক ও পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, শুধু সরকারের একার পক্ষে নয়, বরং সবার সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত হলেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, সাধারণ জনগণের প্রত্যাশা অনুযায়ী মানসম্মত সেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া তিনি সংশ্লিষ্ট দপ্তরের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের সরকারিভাবে সৃষ্ট ৩,২০০টি শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদায়নের দাবি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি শুধু সরকারি পর্যায়ে নয়, বেসরকারি স্বাস্থ্যখাতেও যাতে এসব দক্ষ জনশক্তির কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারিত হয়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ডি-ম্যাবের সদস্যদের পক্ষ থেকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনায় ৩৫ হাজার বেকার ডিএমএফ ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া এবং বর্তমানে প্রায় ৩,২০০টি শূন্য পদে দ্রুত পদায়নের জোরালো দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী সব যৌক্তিক দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
ডি-ম্যাবের আহ্বায়ক মো. শহীদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ