স্থানীয় ভোটের সূচি চূড়ান্ত করতে পারেনি ইসি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

নভেম্বর ও ডিসেম্বর মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা থাকায় স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন

2026-09-17T18:32:03+06:00
2026-09-17T18:35:24+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা
স্থানীয় ভোটের সূচি চূড়ান্ত করতে পারেনি ইসি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ৬:৩৫ পিএম  (ভিজিট : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নভেম্বর ও ডিসেম্বর মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা থাকায় স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। শিক্ষা কার্যক্রমের সূচি বিবেচনায় নিয়ে নির্বাচনের সময় নতুন করে পর্যালোচনা করবে কমিশন।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।


ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার কথা ছিল। তবে নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষা থাকায় নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না। ফলে বৈঠকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে সম্ভাব্য সময়সূচি নতুন করে পর্যালোচনা করা হবে।


সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষা থাকায় নির্বাচন আয়োজনের জন্য সময়ের পরিসর খুবই কম। আগে নির্বাচন আয়োজনের জন্য নির্দিষ্ট সময়ের সুযোগ বের করতে হবে। কমিশন দুটি সম্ভাব্য সময় বিবেচনায় নিয়েছিল। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেগুলো বাস্তবায়নযোগ্য কি না, তা এখন আবার দেখতে হবে।


নির্বাচনের সময় নির্ধারণে শিক্ষা সংশ্লিষ্টদের উদ্বেগও বিবেচনায় নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বন্যার কারণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় যে বিঘ্ন তৈরি হয়েছে, তা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এর মধ্যে শিক্ষা সংশ্লিষ্টরা পরীক্ষার কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে কমিশনকে অনুরোধ জানিয়েছেন।


নির্বাচনী কাজে শিক্ষকদের সম্পৃক্ততার বিষয়টিও বৈঠকে আলোচনায় এসেছে। সানাউল্লাহ বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের আগে একজন শিক্ষককে প্রশিক্ষণ সমন্বয় ও অন্যান্য প্রস্তুতির জন্য অন্তত এক সপ্তাহ সময় দিতে হয়। একই সঙ্গে শিক্ষকদের মূল্যায়ন ও পরীক্ষার প্রস্তুতির কাজও করতে হয়। ফলে নির্বাচন ও শিক্ষা কার্যক্রমের মধ্যে সমন্বয় করতে হবে।


শিক্ষা সংশ্লিষ্টদের এসব উদ্বেগকে ‘জেনুইন কনসার্ন’ উল্লেখ করে তিনি বলেন, কমিশন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।


৬ জুনের আগে ইউপি ভোট

এইচএসসি পরীক্ষা শুরুর আগে, অর্থাৎ ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সবাই একমত হয়েছেন বলে জানান সানাউল্লাহ।


তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগেই শেষ করার বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে। তবে নির্বাচন শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।


সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরের পর জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া যেতে পারে। তবে ফেব্রুয়ারিতে রোজা শুরু এবং রোজার পরদিন থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কারণে পরবর্তী সময়ও সীমিত। এসএসসি পরীক্ষার পর এইচএসসি পরীক্ষা শুরুর আগ পর্যন্তও একটি সময় পাওয়া যাবে।


সব মিলিয়ে নির্বাচন আয়োজনের জন্য সময়ের পরিসর খুবই সীমিত উল্লেখ করে তিনি বলেন, এই সীমিত সময়ের মধ্যে কীভাবে সবকিছুর সমন্বয় করা যায়, সে বিষয়ে আরও কাজ করতে হবে।


বাজেট পরিকল্পনাসহ প্রয়োজনীয় সমন্বয়ের কাজ শেষ করে কমিশনে আলোচনা করা হবে। এরপর স্থানীয় সরকার নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি জানানো হবে বলে জানান তিনি।


নভেম্বরের পরিকল্পনা চূড়ান্ত ছিল না


নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর আগের পরিকল্পনা থেকে ইসি সরে এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, নভেম্বরের সময়সূচি চূড়ান্ত ছিল না। এটি ছিল সম্ভাব্য সময়সূচি, যা ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর চূড়ান্ত করার কথা ছিল।


বৈঠকে পাওয়া তথ্যের ভিত্তিতেই নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে জানিয়ে তিনি বলেন, কমিশন আগের পরিকল্পনা থেকে সরে যায়নি। বরং নতুন তথ্য পাওয়ার পর সম্ভাব্য সময়গুলো যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতোই সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সানাউল্লাহ।


তিনি বলেন, উপনির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের সময়ের মতোই সেনা ও অন্যান্য বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তিগুলোও ব্যবহার করা হবে; প্রয়োজনে আরও বেশি প্রযুক্তি ব্যবহার করা হবে।


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ