গোপন চ্যাটে ফাঁস সিগারেট কারখানার ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রি, বিক্রয়সংক্রান্ত গোপন মেসেজ ও হিসাবের ছবি বিশ্লেষণ করে সিগারেট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের প্রায় সাড়ে

2026-09-16T17:46:09+06:00
2026-09-16T17:46:09+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

গোপন চ্যাটে ফাঁস সিগারেট কারখানার ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৪)

মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রি, বিক্রয়সংক্রান্ত গোপন মেসেজ ও হিসাবের ছবি বিশ্লেষণ করে সিগারেট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৭২ কোটি টাকার ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির তথ্য উদঘাটন করেছে মূল্য সংযোজন কর (ভ্যাট) গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর গাজীপুরের ভার্গো টোব্যাকো লিমিটেডে আকস্মিক অভিযান চালিয়ে বিভিন্ন দলিলাদি ও তিনটি মোবাইল ফোন জব্দ করে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ঢাকার প্রিভেন্টিভ টিম। পরে জব্দ করা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে রাজস্ব ফাঁকির এসব তথ্য পাওয়া যায়। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে অধিদপ্তর এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের দুটি টিম একযোগে সিগারেট কারখানা ও এর কাছাকাছি একটি গুদামে অভিযান চালায়। এসময় কারখানার গেট বাইরে থেকে বন্ধ থাকলেও ভেতরে উৎপাদন কার্যক্রম চলছিল। বারবার গেট খুলতে বলা হলেও কেউ সাড়া না দেওয়ায় গোয়েন্দা দলের সদস্যরা দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন।

ভেতরে প্রবেশ করে গোয়েন্দা দল সিগারেট উৎপাদনের কার্যক্রম দেখতে পায়। কারখানা চত্বরে ধোঁয়া দেখে সেখানে গিয়ে ব্যবহৃত ব্যান্ডরোল ও নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট পোড়ানোর বিষয়টি লক্ষ্য করেন কর্মকর্তারা। পোড়ানো সিগারেটের দলিলাদি দেখতে চাইলে সংশ্লিষ্টরা তা দেখাতে পারেননি এবং এ ধরনের সিগারেট ও ব্যান্ডরোল পোড়ানোর জন্য বিভাগীয় কর্মকর্তার কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে স্বীকার করেন। পরে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার লিখিত বিবৃতিতে আনুমানিক ৫০ লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট পোড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। গোয়েন্দা দল পোড়া ব্যান্ডরোলের অবশিষ্টাংশ আলামত হিসেবে জব্দ করে।
অভিযানে কারখানা এবং তৎসংলগ্ন গুদাম ও আবাসিক ভবনে তল্লাশি চালিয়ে ব্যবহৃত স্ট্যাম্প/ব্যান্ডরোল, সিগারেট উৎপাদনের বিভিন্ন কাঁচামাল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসময় কিছু বিদেশি ব্র্যান্ডের সিগারেটের নমুনা ও খালি প্যাকেটও পাওয়া যায়, যা নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জব্দ করা আলামত পর্যালোচনায় প্রতীয়মান হয়েছে যে, প্রতিষ্ঠানটি বৈধ স্ট্যাম্প/ব্যান্ডরোলের পাশাপাশি ব্যবহৃত স্ট্যাম্প/ব্যান্ডরোল ব্যবহার করে গোপনে সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অধিদপ্তরের আইটি ও সাইবার ফরেনসিক টিম জব্দ করা মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রি, বিক্রয়সংক্রান্ত গোপন মেসেজ এবং হিসাবের ছবি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে।

বিশ্লেষণে দেখা যায়, কারখানাটি দীর্ঘদিন ধরে উৎপাদিত সিগারেটের একটি বড় অংশ কোনো ভ্যাট চালান ছাড়াই বাজারে সরবরাহ করে আসছিল এবং এসব তথ্য মূল হিসাব বইয়ে গোপন রাখা হয়েছিল।

এনবিআর জানায়, উদ্ধার করা পণ্য ও প্রাপ্ত তথ্য-উপাত্তের প্রাথমিক হিসাব অনুযায়ী সরকারের প্রাপ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে মামলা দায়ের করা হয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ