প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ এএম (ভিজিট : ৬)

সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুর ও রাউজানসহ বিভিন্ন এলাকায় অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। এসব ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও তথ্যগত সহযোগিতা অপরাধ দমনে বড় ভূমিকা রাখতে পারে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, পুলিশ ও সাংবাদিক উভয়েই সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে পুলিশের সঙ্গে সাংবাদিকদের পেশাগত যোগাযোগ ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
সাংবাদিকদের ক্রীড়া আয়োজনের প্রশংসা করে এসপি বলেন, কর্মব্যস্ত জীবনের বাইরে এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের পারস্পরিক বন্ধন ও সম্প্রীতি আরও দৃঢ় করবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন সুস্থ বিনোদনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহ নেওয়াজ রিটন। স্বাগত বক্তব্য দেন ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক সনজীব দে বাবু।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব ও সাবেক সহসভাপতি আলী আকবরসহ অন্য নেতারা বক্তব্য দেন। পরে ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মাসুদ আলম।
ডেল্টা টাইমস/সিআর/এমই