ভারতে নতুন দেওয়ানি আইন, বিপাকে মুসলিমরা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:০০ পিএম (ভিজিট : ৫)

ভারতের ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারের এই উদ্যোগকে ঘিরে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত আইন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) অমিত শাহ বলেন, কয়েকটি রাজ্যে ইতোমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। ২০২৯ সালের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট শাসিত ২১টি রাজ্যেই এই আইন কার্যকর করার বিষয়ে তিনি আশাবাদী।
ভারতে ফৌজদারি আইন সবার জন্য অভিন্ন হলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়গুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব আইন ও রীতিনীতির আওতায় পরিচালিত হয়ে আসছে। এসব ব্যক্তিগত আইনকে এক আইনের আওতায় আনার লক্ষ্যেই অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার।
এখন পর্যন্ত ভারতের অন্তত চারটি রাজ্যে ইউসিসি কার্যকর করা হয়েছে। তবে আইনটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্ক অব্যাহত রয়েছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের একটি অংশ মনে করছে, অভিন্ন দেওয়ানি বিধি তাদের ধর্মীয় ও ব্যক্তিগত আইন পালনের অধিকার সীমিত করতে পারে।
অন্যদিকে ইউসিসির সমর্থকদের দাবি, এই আইন বহুবিবাহের সুযোগ বন্ধ করবে, নারী-পুরুষের মধ্যে সম্পত্তির অধিকারে সমতা নিশ্চিত করবে এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারীদের আইনি সুরক্ষা আরও শক্তিশালী করবে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে প্রায় ২২ কোটি মুসলিমের বসবাস। জনসংখ্যার দিক থেকে দেশটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর আবাসস্থল। ফলে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের উদ্যোগ দেশটির সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। - সূত্র: মিডল ইস্ট আই
ডেল্টা টাইমস/সিআর/এমই