প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম (ভিজিট : ৫)

সংগৃহীত ছবি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা। শনিবার (১২ সেপ্টেম্বর) আসর নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক। এ ছাড়া ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলা চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকেই মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ আয়োজিত এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্তের পাঠক, লেখক, প্রকাশক ও ইসলামী সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণ থাকবে। দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামী বইয়ের প্রকাশকসহ মোট ২০৬টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
মেলা বাস্তবায়ন কমিটির তথ্য অনুযায়ী, এবারের মেলায় থাকছে ১৪৪টি স্টল। এসব স্টলে শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের বই প্রদর্শন ও বিক্রি করা হবে। বাংলাদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। ফলে বায়তুল মোকাররমের এ আয়োজন দেশি-বিদেশি ইসলামি সাহিত্য ও প্রকাশনার বড় সমাবেশে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকেরা।
মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস, সীরাত, ইসলামী দর্শন, ইতিহাস, গবেষণা ও ধর্মীয় সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাবে। আন্তর্জাতিকভাবে পরিচিত বিভিন্ন গ্রন্থের অনুবাদের পাশাপাশি ইসলামের নানা বিষয়ে মৌলিক ও গবেষণাধর্মী বইও থাকবে। শিশু-কিশোরদের জন্য থাকবে ধর্মীয়, নৈতিক ও ইসলামী শিক্ষামূলক বিভিন্ন গ্রন্থ।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি