প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম আপডেট: ১২.০৯.২০২৬ ৫:৩২ পিএম (ভিজিট : ৮)

প্রতীকী ছবি
সার সরবরাহ, মজুদ, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক তদারকি এবং মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে এই কন্ট্রোল রুম পরিচালিত হবে। এতে দায়িত্ব পালন করবে ২৭টি দল, প্রতিটিতে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন অফিস সহায়ক। ১১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই শিফটে—সকাল ৮টা থেকে বেলা ৩টা এবং বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত—কার্যক্রম চলবে। সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ)।
কন্ট্রোল রুমের প্রধান কাজ হবে জেলা-উপজেলা থেকে সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণ সংক্রান্ত তথ্য নিয়মিত সংগ্রহ করা এবং পরিবহনে অনিয়ম, কৃত্রিম সংকট, অবৈধ মজুদ, কালোবাজারি বা অতিরিক্ত মূল্য আদায়ের তথ্য পেলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা। কোথাও সংকটের আশঙ্কা দেখা দিলে তা অগ্রাধিকার ভিত্তিতে শনাক্ত করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।
মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সর্বশেষ পরিস্থিতি সংগ্রহ করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। কৃষক, সার ডিলার, পরিবহনকারী ও সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া অভিযোগ গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও সার ডিলারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে।
প্রতিদিনের সার পরিস্থিতি, প্রাপ্ত অভিযোগ ও গৃহীত ব্যবস্থা রেজিস্টারে লিপিবদ্ধ করে দৈনিক ও সাপ্তাহিক প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম, টেলিফোন, মোবাইল, ই-মেইল ও হোয়াটসঅ্যাপে পাওয়া সারসংক্রান্ত অভিযোগ ও তথ্য যাচাই করে মাঠপর্যায়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশও রয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি