জমি বিরোধের বলি চাচা, অভিযুক্ত সেনাসদস্য ভাতিজা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম আপডেট: ১০.০৯.২০২৬ ৬:২২ পিএম (ভিজিট : ১২)

প্রতীকী ছবি
দিনাজপুরের হাকিমপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার হাতে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ভাই আজাদুল ইসলামের দুই ছেলে জাকিরুল ইসলাম (২৫) ও তামজিদুল ইসলাম (৩০)-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, জাকিরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ওই এলাকার অফিল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম ও তাঁর ভাই আজাদুল ইসলামের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে, যাতে রফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার খবর পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/এনজিটি