প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম (ভিজিট : ১১)

সংগৃহীত ছবি
বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও টলিউড নির্মাতা সৃজিত মুখার্জির বিয়ের ৬ বছর পার হয়ে গেল। বিয়ের পর থেকেই হঠাৎ হঠাৎ তাদের সম্পর্কে ভাঙনের খবর রটে। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে কেউই স্পষ্ট করে কোনো জবাব দেননি। তবে মুখে কিছু না বললেও এবার জোর খবর, একসঙ্গে থাকছেন না তারা। সৃজিতও নিজের জীবনে ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাবের কথা জানিয়েছেন। তার এই মন্তব্যের পর মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’ তে অতিথি হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে যোগাযোগ এবং একাকিত্ব নিয়ে কথা বলেন সৃজিত। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জীবনের এই বয়সে এসে তিনি স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করেন। তবে সৃজিত বা মিথিলা কেউই তাদের সম্পর্কের অবস্থা নিয়ে নতুন করে কোনো ঘোষণা দেননি। ফলে আপাতত বিষয়টি সৃজিতের মন্তব্য ঘিরে তৈরি হওয়া জল্পনাতেই সীমাবদ্ধ রয়েছে। সাক্ষাৎকারে সাবেক প্রেমিকাদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা জানান সৃজিত। স্বস্তিকা মুখার্জি ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও তাদের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।
টকশো’তে সুস্মিতা চ্যাটার্জির প্রসঙ্গেও কথা বলেন সৃজিত। তিনি জানান, একসময় সুস্মিতা তার খুব ঘনিষ্ঠ ছিলেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সম্পর্কের নির্দিষ্ট লেবেল থাকে না। সময়ের সঙ্গে তাদের সেই ঘনিষ্ঠতা কমে গেছে, তবে তারা এখনো একে অপরের শুভাকাঙ্ক্ষী। সৃজিতের ভাষায়, জীবন একটি যাত্রার মতো, অনেকে কয়েকটি স্টেশন পর ট্রেন থেকে নেমে যায়। সুস্মিতাও নেমে গেছেন, হয়ত অন্য কোনো ট্রেনে উঠেছেন।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি