কারা করতে পারবেন ইউপি নির্বাচন?
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম (ভিজিট : ৪)

প্রতীকী ছবি
চলতি সেপ্টেম্বরেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। এ ছাড়া রাজনীতিতে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে সরাসরি নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছে কমিশন বলেও জানান তিনি।
রবিবার (৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। এ মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে।
তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বর-এ দুই মাস শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।
ভোটকেন্দ্র হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করা হবে এবং শিক্ষকরা ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাই পরীক্ষার সময় বাদ দিয়ে তার আগে অথবা পরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জামায়াতের দাবির প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ইসির পর্যবেক্ষণ হলো-শিক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে অন্তরায় হতে পারে। এতে শিক্ষকদের নিরপেক্ষতা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা রাখার ব্যবস্থা করা হবে। পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে এবং ড্রোন ব্যবহার করা হবে। ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সমস্যা সমাধানেও কাজ চলছে।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, একসঙ্গে সব ইউনিয়ন পরিষদের নির্বাচন করা কঠিন। তবে ব্যয় সংকোচনের বিষয়টি বিবেচনায় থাকবে।
একসঙ্গে সব ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে না; ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হবে।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি