রাশিয়ার হাইব্রিড হামলা প্রতিরোধে নতুন যে পরিকল্পনা জার্মানির
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৭ পিএম (ভিজিট : ৪)

সংগৃহীত ছবি
রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড হামলার বিরুদ্ধে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে জার্মানি। জার্মানির একটি বিমানবন্দরে রাশিয়ার ব্যর্থ ড্রোন হামলার পর নতুন করে ভাবতে শুরু করেছে দেশটি। রবিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত জার্মানির ‘বিল্ড আম সোনটাগ’ সংবাদপত্রের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট জানিয়েছেন, রাশিয়ার হাইব্রিড হামলা এখন দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে এবং এসব হামলা আরও বাড়তে পারে।
নতুন এই প্রস্তাবিত পরিকল্পনার আওতায় বলা হয়েছে, জার্মান পুলিশ তাদের ড্রোন প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে। শহরগুলোতে তৈরি করা হবে বিশেষ ইউনিট, যা পরিবহন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সরকারি ভবনের ওপর নিরাপত্তা প্রদান করবে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে শুধু ড্রোন শনাক্ত করাই নয় বরং সক্রিয়ভাবে সেগুলো ধ্বংস করার আইনি ক্ষমতা দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে।
এছাড়া সাইবার হামলা ও গোপন তথ্য চুরি প্রতিরোধে ‘সাইবারডোম’ নামে একটি জাতীয় সুরক্ষাবলয় তৈরি করবে জার্মানি। রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জনবহুল স্থানে সন্দেহভাজন হামলাকারীদের শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, বায়োমেট্রিক ফেসিয়াল রেকগনিশন এবং উন্নত ভিডিও নজরদারি ব্যবস্থার আওতা বাড়ানো হচ্ছে। তবে রাশিয়া তাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশটি। এ ধরনের অভিযোগকে রুশবিরোধী পদক্ষেপ অভিহিত করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব পদক্ষেপের বিপরীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাশিয়া।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি